সেনাবাহিনীর বিষয়ে নরম সুর গিলানির
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, ‘সেনা নেতৃত্ব অসাংবিধানিকভাবে কাজ করছে বা আইন লঙ্ঘন করছে—এই ধারণা আমি দূর করতে চাই।’গতকাল বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে গিলানি এ কথা বলেন। তাঁর এই বক্তব্য সেনাবাহিনীর সঙ্গে বিরোধিতা থেকে ফিরে আসার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে এ মাসের শুরুতে তিনি বলেছিলেন, বিতর্কিত ‘গোপন চিঠির’ বিচার বিভাগীয় তদন্তে সমর্থন দিয়ে সেনাবাহিনী অসাংবিধানিক কাজ করেছে। আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে সম্ভাব্য ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠক সামনে রেখে সেনা কর্মকর্তাদের সঙ্গে গিলানির উচ্চপর্যায়ের বৈঠকের এক দিন পর তিনি এই ভাষণ দিলেন। গিলানি বলেন, বর্তমান পরিস্থিতি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনো বিরোধ সৃষ্টি করবে না। পাকিস্তানে সেনাবাহিনী বেসামরিক সরকারের নিয়ন্ত্রণাধীন থাকলেও তারা বৈদেশিক ও নিরাপত্তাবিষয়ক নীতিনির্ধারণে ভূমিকা পালন করে। গত বছরের মে মাসে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে অ্যাবোটাবাদে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার ঘটনায় বিশ্বব্যাপী পাকিস্তান সেনাবাহিনীর কঠোর সমালোচনা হয়। অনেকে ওই ঘটনাকে পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছে।বর্তমানে তালেবান জঙ্গিদের দমনে পাকিস্তানি সেনাদের জোর অভিযান চলছে। এই পরিস্থিতিতে শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে বেসামরিক সরকারের বিরোধ অস্থিতিশীলতা আরও বাড়াবে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রয়টার্স।