সেনাবাহিনীর সময়সীমা প্রত্যাখ্যান মুরসির
মিসরের সেনাবাহিনীর বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।
বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আজ মঙ্গলবার প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনীর দেওয়া ওই সময়সীমা প্রত্যাখ্যান করা হয়েছে। একই সঙ্গে বিবৃতিতে বলা হয়, পরিকল্পনা অনুযায়ী সংস্কার কার্যক্রম চালিয়ে যাবেন প্রেসিডেন্ট।
মিসরে চলমান রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার একটি বিবৃতি দেয় দেশটির সশস্ত্র বাহিনী। রক্তক্ষয়ী সংঘর্ষ ও চলমান রাজনৈতিক সংকট সমাধানে সব রাজনৈতিক গোষ্ঠীকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে সেনাবাহিনী।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, জনগণের দাবি মেনে নেওয়ার জন্য আবার আহ্বান জানাচ্ছে সশস্ত্র বাহিনী। শেষ সুযোগ হিসেবে সবাইকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হলো।
বিবৃতিতে বলা হয়, দেশের জাতীয় নিরাপত্তা চরম হুমকির মধ্যে। যদি সমস্যার সমাধান না হয়, তবে দেশপ্রেম ও দায়িত্ববোধের ঐতিহ্য অনুযায়ী হস্তক্ষেপ করতে বাধ্য হবে সেনাবাহিনী।
প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে গত রোববার কায়রোর তাহরির স্কয়ারে মুরসিবিরোধী লাখো মানুষের বিক্ষোভ হয়। ওই বিক্ষোভকে অসাধারণ বলে উল্লেখ করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর এই বিবৃতিকে মুরসিবিরোধীরা তাদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন হিসেবে দেখছে।
মুরসির সমর্থকেরা সেনাবাহিনীর বিবৃতিকে অভ্যুত্থানের হুমকি হিসেবে অভিহিত করেছে। সেনাবাহিনী দাবি করেছে, তারা অভ্যুত্থানের হুমকি দেয়নি।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ কামেল আমর পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাজনৈতিক সংকটের জেরে এর আগে আরও চারজন মন্ত্রী পদত্যাগ করেন।
প্রেসিডেন্ট মুরসিকে পদত্যাগের জন্য গতকাল সোমবার এক দিনের সময় বেঁধে দিয়েছে তাঁর বিরোধীরা। মুরসি স্থানীয় সময় আজ মঙ্গলবার বিকেলের মধ্যে পদত্যাগ না করলে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছে তারা।
কায়রোর তাহরির স্কয়ারে রোববার লাখো মুরসিবিরোধীর বিক্ষোভের পর রাতভর রাজধানীসহ বিভিন্ন স্থানে সহিংসতা চলে। এতে ১৬ জন নিহত হয়। কায়রোয় অবস্থিত ক্ষমতাসীন ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির (এফজেপি) আদর্শিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের সদর দপ্তরে গতকাল ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়েছে।
মুরসিবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন তামারুদ মুভমেন্টের ওয়েসবসাইটে গতকাল দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘আমরা মোহাম্মদ মুরসিকে পদত্যাগে ২ জুলাই মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত সময় দিচ্ছি, যাতে রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আগাম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পারে। এই সময়ের মধ্যে পদত্যাগ না করলে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হবে।’
তামারুদের পক্ষ থেকে সেনাবাহিনী, পুলিশ ও বিচার বিভাগকে ‘জনগণের ইচ্ছার পক্ষে অবস্থান নিতে’ আহ্বান জানানো হয়েছে।
বেঁধে দেওয়া সময়ের মধ্যে মুরসি পদত্যাগ না করলে সেনাবাহিনীর হস্তক্ষেপ চেয়েছেন বিরোধী দলের নেতা হামদিন সাবাহি। গত প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় স্থানে থাকা সাবাহি বলেন, ‘সশস্ত্র বাহিনীকে অবশ্যই হস্তক্ষেপ করতে হবে। তারা সব সময় জনগণের পাশেই থাকে। মুরসি স্বেচ্ছায় পদত্যাগ করলে সবচেয়ে ভালো হয়।’
মুরসির মুখপাত্র এহাব ফাহবি সাংবাদিকদের বলেন, ‘সংলাপের মাধ্যমেই কেবল আমরা সমঝোতায় পৌঁছাতে পারি। জাতীয় সংলাপের জন্য প্রেসিডেন্টের দরজা খোলা আছে।’
কায়রোতে মুসলিম ব্রাদারহুডের সদর দপ্তরে গতকাল সকালে কিছু তরুণ প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুরের পর অনেককে ওই কার্যালয়ের আসবাব, টেলিভিশন ও নথিপত্র নিয়ে যেতে দেখা যায়।
আরব বসন্তে প্রায় ৩০ বছর ক্ষমতায় থাকা শাসক হোসনি মোবারকের পতনের পর মিসরের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেন মুরসি। ক্ষমতা গ্রহণের ঠিক এক বছরের মাথায় তাঁকেও ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হলো। বিক্ষোভকারীদের অভিযোগ, ইসলামপন্থী মুরসি ক্ষমতায় গিয়ে অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত সমস্যা সমাধানে পুরোপুরি ব্যর্থ হয়েছেন।