সেনাসদস্যদের পুনর্বিচারের পক্ষে তুরস্কের প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার ঘটনায় অভিযুক্ত কয়েক শ সেনা কর্মকর্তার মামলা পুনর্বিচারে তিনি সমর্থন করেন।
দুটি মামলায় ২০১২-১৩ সালে কয়েক শ সেনা কর্মকর্তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেনা কর্মকর্তারা পুনর্বিচারের দাবি জানিয়ে আসছেন। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এরদোয়ান গত রোববার ইস্তাম্বুলে সাংবাদিকদের বলেন, ‘পুনির্বিচারের বিষয়ে আমাদের অবস্থান ইতিবাচক, সহায়ক। পুনর্বিচারের জন্য প্রথমে আমরা আইনি ক্ষেত্র প্রস্তুত করব।’
দুর্নীতির অভিযোগে এরদোয়ানের সরকারের বিরুদ্ধে গণরোষ দেখা দিয়েছে। রাজনৈতিক চাপের মুখে এরদোয়ান অভিযোগ করেন, পুলিশ ও বিচার বিভাগ ওই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে গড়বড় করেছে।
তুরস্কের ক্ষমতাসীন ইসলামপন্থী এ কে পার্টি সেনাবাহিনীর ক্ষমতা খর্ব করার চেষ্টা চালিয়ে আসছে। অথচ মুস্তফা কামাল আতাতুর্কের প্রতিষ্ঠিত আধুনিক ধর্মনিরপেক্ষ তুরস্কের অভিভাবক মনে করা হয় এই বাহিনীকে।
ইসলামপন্থী প্রধানমন্ত্রী এরদোয়ান বর্তমানে সেনাবাহিনীর পক্ষ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অথচ একসময় সেনাবাহিনীর ঘোর বিরোধী ছিলেন তিনি। সম্প্রতি সেনাবাহিনীর পক্ষ থেকে মামলা পুনর্বিবেচনার আবেদন জানানো হয়।
এরদোয়ান ক্ষমতা গ্রহণের পর সেনাবাহিনীকে রাজনীতি থেকে সরিয়ে দিতে সরকারি কৌঁসুলিদের সঙ্গে অনানুষ্ঠানিক ঘনিষ্ঠতা গড়ে তোলেন।
সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ এনে সেনাবাহিনীর বেশ কিছু সদস্যের বিরুদ্ধে ওই দুটি মামলা করা হয়েছিল। সরকারের এ পদক্ষেপ তুরস্কের ধর্মনিরপেক্ষ ঐতিহ্যের জন্য বড় ধরনের হুমকি হিসেবে গণ্য করা হয়।
কারাবন্দী সেনা কর্মকর্তাদের স্বজনের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশে সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গত ডিসেম্বরে সরকারি কৌঁসুলিদের একটা অংশ প্রধানমন্ত্রীর মিত্রদের গ্রেপ্তারের নির্দেশ দেয়। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তিনজন মন্ত্রীর ছেলেকে গ্রেপ্তার করা হয়। এরপর ওই মন্ত্রীরা পদত্যাগ করেন। এই প্রেক্ষাপটে এরদোয়ান বলেন, ‘এটি নোংরা ষড়যন্ত্র।’
তখন সেনাবাহিনীর পক্ষ থেকেও অভিযোগ তোলা হয়, তাঁরাও সরকারি কৌঁসুলিদের ষড়যন্ত্রের শিকার। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলায় পুনর্বিচার করা হোক। বিবিসি।