সেনেগাল দিয়ে হিলারির আফ্রিকা সফর শুরু
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত মঙ্গলবার রাতে সেনেগালের রাজধানী ডাকার এসে পৌঁছেছেন। এর মধ্য দিয়ে তিনি আফ্রিকার ছয়টি দেশে ১১ দিনের সফর শুরু করলেন। সফরকালে তিনি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন।হিলারি মঙ্গলবার এন্ড্রুস বিমানঘাঁটি থেকে সেনেগালের উদ্দেশে যাত্রা করেন। গতকাল তাঁর সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সালের সঙ্গে বৈঠক করার কথা। এরপর ডাকারের শেখ আন্তা দিওপ বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার কথা তাঁর।যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট সালকে অভিনন্দন জানানোই আমাদের লক্ষ্য। সেনেগাল আমাদের ঘনিষ্ঠ ও পরম বিশ্বস্ত বন্ধু।’মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুলান্দ এক বিবৃতিতে বলেন, হিলারি তাঁর বক্তৃতায় সেনেগালের বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রশংসা ও অংশীদারির প্রতি আমেরিকার দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।এরপর মার্কিন এই শীর্ষ কূটনীতিক বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদান, প্রাণঘাতী এবোলা উপদ্রুত উগান্ডা, কেনিয়া, মালাবি ও দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন।হিলারি দক্ষিণ সুদানে প্রেসিডেন্ট সালভা কিরের সঙ্গে বৈঠক করবেন। এএফপি।