সেনেগালের নতুন প্রেসিডেন্ট ম্যাকি
সেনেগালে গত রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাকি সাল জয়ী হয়েছেন। জয়ের পর তিনি এ নির্বাচনকে দেশের জন্য এক ‘নতুন যুগের সূচনা’ বলে আখ্যায়িত করেন। প্রতিদ্বন্দ্বী আগের প্রেসিডেন্ট আবদুলায়ে ওয়াদে পরাজয় মেনে নিয়েছেন।তৃতীয় মেয়াদে এই নির্বাচনে ওয়াদের অংশগ্রহণ কেন্দ্র করে দেশে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। এতে ছয়জন নিহত হন। ওয়াদে (৮৫) ১২ বছর ধরে সেনেগালের শাসন ক্ষমতায় রয়েছেন।জয়ী হওয়ার পর নতুন প্রেসিডেন্ট ম্যাকি সাল (৫০) রাজধানী ডাকারে সমবেত হাজার হাজার উৎফুল্ল জনতার উদ্দেশে ভাষণ দেন। এ সময় তিনি সেনেগালের সব নাগরিকের প্রেসিডেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার অঙ্গীকার করেন।ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান দিৎস বারম্যান জানান, নির্বাচনী ফলাফল নিয়ে কোনো সংশয় নেই। ম্যাকি ৬৫ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট ওয়াদেকে স্পষ্ট ব্যবধানে পরাজিত করেন। ওয়াদে পান ৩৫ শতাংশ ভোট।সেনেগালের সাবেক ঔপনিবেশিক শাসক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি নির্বাচনী ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘সাধারণভাবে এটি আফ্রিকার ও বিশেষভাবে সেনেগালের জন্য একটি সুখবর। সেনেগাল আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ দেশ ও গণতন্ত্রের জন্য একটি মডেল।’সমপ্রতি প্রতিবেশী দেশ মালিতে সেনা অভ্যুত্থান হওয়ার পর সেনেগালে এ নির্বাচন অনুষ্ঠিত হলো। সেনেগালই হলো পশ্চিম আফ্রিকার একমাত্র দেশ, যেখানে এখনো পর্যন্ত কোনো সেনা অভ্যুত্থান হয়নি। বিবিসি।