সেন্ট পিটার্সের চূড়ায় উঠে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জার গম্বুজচূড়ায় উঠে এক ইতালীয় গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্দেশনার অভিনব প্রতিবাদ জানিয়েছেন। ডি ফিনিজিও নামের ওই ব্যক্তি ইতালির সমুদ্রসৈকতে একটি মদের দোকানের মালিক। এ ছাড়া তিনি সমুদ্রসৈকতে ব্যবহূত বড় ছাতা, চেয়ার ও রৌদ্রস্নানের পোশাক ভাড়া দেন।ফিনিজিওর একজন বন্ধুর বক্তব্য অনুযায়ী, সৈকত নিলামের লাইসেন্স পেতে আইন সংস্কারের ব্যাপারে ইইউর নির্দেশনা কার্যকর হলে বহুজাতিক কোম্পানি লাভবান হবে। আর অল্প পুঁজির ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। এসব কারণে ফিনিজিও ক্ষুব্ধ। গত মঙ্গলবার বিকেলে গম্বুজে উঠতে শুরু করেন তিনি। চূড়ায় উঠে তিনি একটি কাপড়ের ব্যানার মেলে ধরেন। সেখানে লেখা ছিল, ‘সহায়তা কর! যথেষ্ট মোন্তি! যথেষ্ট ইউরোপ! যথেষ্ট বহুজাতিক কোম্পানি!’ ইতালির মন্ত্রীরা টেলিফোনে তাঁকে নেমে আসার আহ্বান জানিয়ে ব্যর্থ হন। গম্বুজের নিচে চত্বরে গতকাল বুধবার সকালে পোপ ষোড়শ বেনেডিক্ট প্রার্থনায় যোগ দেন। ইইউর নির্দেশনা ২০১৬ সাল থেকে ইতালিতে কার্যকর হবে। ব্যবসায়ীদের দাবি, এই নির্দেশনা কার্যকর হলে অন্তত ছয় লাখ মানুষ বেকার হবে। বিবিসি।