সেপ্টেম্বরে ওয়াশিংটনে ওবামা-মোদি বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা,নরেন্দ্র মোদি
বারাক ওবামা,নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে আগামী সেপ্টেম্বরে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে৷ ওই সময় জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে মোদি যুক্তরাষ্ট্রে যাবেন৷ ভারত সরকারের একাধিক সূত্র থেকে এমন খবর পাওয়া গেছে৷ খবর পিটিআই ও এএফপির৷
সূত্র জানায়, নিউইয়র্ক নয়, রাজধানী ওয়াশিংটন ডিসিতে আগামী ২৬ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে মোদি-ওবামা বৈঠকের জোরালো সম্ভাবনা রয়েছে৷ নিউয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সেপ্টেম্বরে সাধারণ অধিবেশন বসবে৷
প্রধানমন্ত্রী হিসেবে মোদি শপথ নেওয়ার পর তাঁকে অভিনন্দন জানাতে টেলিফোন করেছিলেন প্রেসিডেন্ট ওবামা৷ তখনই তিনি মোদিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান৷ ধারণা করা হচ্ছে, মোদি সেই আমন্ত্রণ গ্রহণ করবেন৷
মোদি ভারত সরকারের দায়িত্ব গ্রহণের পরদিনই হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ভারতের কৌশলগত অংশীদারত্বের অঙ্গীকার বাস্তবায়নে মোদির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান প্রেসিডেন্ট ওবামা৷ গণতান্ত্রিক দুই দেশের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের ব্যাপারে তাঁরা একমত হয়েছেন৷ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক সম্মতিপূর্ণ একটি সময়ে মোদিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা৷
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর দপ্তরে বিফ্র করতে ৮ জুন নয়াদিল্লি আসছেন৷ আগামী সপ্তাহে আবার নয়াদিল্লি সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল৷
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াশিংটনে মোদি-ওবামার বৈঠক নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান৷