সেবামূলক কাজ থেকে অবসরে যাচ্ছেন ডেসমন্ড টুটু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল পুরস্কারজয়ী দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু ঘোষণা দিয়েছেন, তিনি এ বছরের শেষ ভাগে জনসেবামূলক কাজ থেকে অবসর নেবেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে টুটু বলেন, ‘আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করেছি। এখন নিজের মতো করে একটু সময় কাটাতে চাই। আরেকটু নিরিবিলি থাকতে চাই আমি।’দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে গির্জার বেদিতে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন টুটু। দক্ষিণ আফ্রিকাবাসীর মনের কথা প্রকাশের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তিনি। অ্যাঞ্জেলিকান আর্চবিশপ অব কেপটাউনের পদ থেকে এক দশকেরও বেশি আগে অবসর নেন টুটু। এরপর শান্তির পক্ষে একটি সংগঠন গড়ে তোলেন তিনি। শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় জনগণকে সচেতন করতে বক্তব্য দেওয়ার পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও উপদেশ দিতেন তিনি। টুটু ১৯৮৪ সালে নোবেল পুরস্কার পান।টুটু জানান, আগামী অক্টোবরে ৭৯-তে পা দেবেন তিনি। ওই সময়ই তিনি এসব কাজ থেকে পুরোপুরি ছুটি নেওয়ার কথা ভাবছেন। তিনি বলেন, ‘আমি পরিবারকে আরেকটু বেশি সময় দিতে চাই। বিকেলে স্ত্রীর সঙ্গে বসে চা পান করতে এবং ক্রিকেট খেলা দেখে সময় কাটাতে চাই।’টুটু জনসেবামূলক কাজ থেকে অবসর নিলেও দক্ষিণ আফ্রিকার আরেক কিংবদন্তি নেলসন ম্যান্ডেলার উদ্যোগে গঠিত সংগঠন দ্য এলডার্সের সঙ্গে যুক্ত থাকবেন তিনি। রয়টার্স, বিসিসি।