লন্ডনের কিং সপ্তম এডওয়ার্ড হাসপাতালের সেই সেবিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর এ মৃত্যুকে ‘বেদনাদায়ক ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ রাজপরিবারের সদস্য অন্তঃসত্ত্বা কেট উইলিয়াম গত মঙ্গলবার সকালে অসুস্থ অবস্থায় এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কেট উইলিয়াম ওই হাসপাতালে ভর্তির পর ছদ্মপরিচয়ে হাসপাতালে ফোন করে সেবিকা জেসিনথা সালডানহার কাছ থেকে কেট উইলিয়ামের অন্তঃসত্ত্বা হওয়ার তথ্য সংগ্রহ করেছিলেন অস্ট্রেলিয়ার দুই বেতার উপস্থাপক। শুক্রবার সেবিকার রহস্যজনক মৃত্যুর পর গতকাল শনিবার সরিয়ে দেওয়া হয়েছে ওই দুই উপস্থাপককে। কেট উইলিয়াম কিং সপ্তম এডওয়ার্ড হাসপাতালে ভর্তির পর অস্ট্রেলিয়ার বেতারকেন্দ্র টুডে এফএম-এর উপস্থাপক মেল গ্রেইগ ও মিশেল ক্রিস্টিয়ান নিজেদের রানি এলিজাবেথ দ্বিতীয় ও উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস পরিচয় দিয়ে ওই হাসপাতালে ফোন করে কেটের শারীরিক অবস্থা জানতে চান। ফোনটি গ্রহণ করেন জেসিনথা সালডানহা। পরে তিনি কেটের সেবায় নিয়োজিত একজন সেবিকার কাছে ফোন দিলে ওই সেবিকা বিস্তারিত তথ্য দেন। ফোনে এই কথোপকথন ধারণ করে পরে তা ওই বেতারে সম্প্র্রচার করা হয়। কঠোর গোপনীয়তা সত্ত্বেও এ রকম ঘটনা ঘটে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে বিষয়টি তদন্ত করার ঘোষণা দেয়। ধারণা করা হচ্ছে, সেবিকা সালডানহা আত্মহত্যা করেছেন। তবে পুলিশ বলেছে, তাঁর মৃত্যুর ঘটনাটি সন্দেহজনক নয়। আর হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।এই মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ার ওই বেতারকেন্দ্রের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সাউদার্ন ক্রস অস্টেরিও গতকাল এক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, এ ঘটনাকে কেবল বেদানাদায়ক হিসেবেই বর্ণনা করা যেতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা তাঁর (সেবিকার) পরিবার ও বিশ্বব্যাপী এই বেতারকেন্দ্রের মাধ্যমে যারা প্রভাবিত হয়েছে তাদের সবার প্রতি আমাদের গভীর সাহানুভূতি প্রকাশ করছি।’ঘটনার জন্য ওই দুই বেতার উপস্থাপক ‘গভীরভাবে অনুতপ্ত’ হয়েছেন বলেও জানানো হয় বিবৃতিতে। পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডও সেবিকার মৃত্যুর বিষয়টিকে ভয়ংকর বেদনাদায়ক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। এএফপি ও বিবিসি।