সেলফি তুলতে জীবন বাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেবাননের বৈরুতে সাগরতীরে ঝড়ের মধ্যে সেলফি তোলায় ব্যস্ত এক যুবক l ছবি: রয়টার্স
লেবাননের বৈরুতে সাগরতীরে ঝড়ের মধ্যে সেলফি তোলায় ব্যস্ত এক যুবক l ছবি: রয়টার্স

ঝুঁকিপূর্ণভাবে সেলফি তুলতে গিয়ে সম্প্রতি কয়েকটি ভয়াবহ মৃত্যুর ঘটনা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে। বিপজ্জনক জায়গায় বা পরিস্থিতিতে এ ধরনের ছবি তোলা নিষিদ্ধ করার চিন্তাভাবনাও শুরু করেছে একাধিক দেশের সরকার। খবর রয়টার্সের।

স্মার্টফোনের ক্যামেরায় নিজেই নিজের ছবি তোলার নাম সেলফি। সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে গত কয়েক বছরে তুমুল জনপ্রিয়তা পেয়েছে এ ধরনের ছবি। তরুণদের পাশাপাশি বয়স্করাও মেতেছেন সেলফিতে—খোদ বি৶টিশ রানি দ্বিতীয় এলিজাবেথ থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত এ কাজ করেছেন।

সেলফির জোয়ারে গা ভাসাতে গিয়ে অনেকে নিরাপত্তা ও শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। হিতাহিত জ্ঞান হারিয়ে কেউ সুউচ্চ ভবনে ঝুলে সেলফি তুলছেন, আবার কেউ বিস্ফোরক বা বিপজ্জনক জন্তু-জানোয়ারের কাছে গিয়ে ক্যামেরায় ধারণ করছেন নিজেকে।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছরের শুরুর দিকে সেলফি তোলার বিপজ্জনক দিকগুলো নিয়ে প্রচার চালায়। উরাল পার্বত্য এলাকায় গিয়ে হাতবোমার পিন খুলে তা নিয়ে সেলফি তুলতে গিয়ে গত জুনে দুই ব্যক্তির মৃত্যু হয়। ওই ঘটনার এক মাস পর রাশিয়ার এক তরুণী মস্কোর একটি সেতুতেঝুলে সেলফি তুলতে গিয়ে ৪০ ফুট নিচে পড়ে প্রাণ হারান।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর সরকারও সেলফি তোলার সময় নিরাপত্তার বিষয়টি মাথায় রাখার আহ্বান জানাচ্ছে সাধারণ মানুষের প্রতি। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গত বুধবার এক তরুণ সেলফি তোলার সময় নিজের ঘাড়ে গুলি চালিয়ে মারা যান। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের চিড়িয়াখানায় বাইসনের খুব কাছে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে গুঁতোয়রক্তাক্ত হয়েছেন পাঁচজন।

প্যারিসের আইফেল টাওয়ার বা রোমের ত্রেভি ঝরনার মতো বিখ্যাত জায়গায় সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের প্রবণতা নিয়ন্ত্রণের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গত জুনে একটি আইনের প্রস্তাব করেছে। আর পদদলিত হয়ে মৃত্যুর আশঙ্কায় ভারত সরকার কুম্ভমেলা উৎসবের সময় সেলফি নিষিদ্ধ করেছে।

নানা ঝুঁকি সত্ত্বেও সেলফির জনপ্রিয়তা বাড়ছে। তবে এ ধরনের ছবি তোলার সমালোচনাও কম নয়। ওহাইও স্টেট ইউনিভার্সিটির গবেষক জেস ফক্স মনে করেন, সেলফির সঙ্গে মানুষের আত্মপ্রেম, স্বার্থপরতা ও মানসিক অসুস্থতার সম্পর্ক রয়েছে।