আদালত অবমাননা বিষয়ে জামায়াতে ইসলামীর মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিনকে লিখিত জবাব দিতে ২৯ মে শেষ সুযোগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার এ দিন ধার্য করেন।
সেলিম উদ্দিনের আইনজীবী তারিকুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, সেলিম উদ্দিনের জ্যেষ্ঠ আইনজীবী তাজুল ইসলাম ব্যক্তিগত কারণে আজ আদালতে হাজির হতে পারেননি। তিনি এলে তাঁর মাধ্যমে লিখিত জবাব দেওয়া হবে। এ জন্য সময় প্রয়োজন।
এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘আপনাদের অনেক সময় দেওয়া হয়েছে। এবার শেষ সুযোগ দেওয়া হচ্ছে।’ পরে ট্রাইব্যুনাল সেলিম উদ্দিনের লিখিত জবাব দেওয়ার শেষ দিন হিসেবে ২৯ মে ধার্য করেন।
এর আগে সেলিম উদ্দিন আদালত অবমাননার বিষয়ে রুলের জবাব ট্রাইব্যুনালে দাখিল করেছিলেন। কিন্তু ট্রাইব্যুনাল তাঁর ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি। পরে ২১ এপ্রিল ট্রাইব্যুনাল সেলিম উদ্দিনসহ জামায়াতের তিন নেতাকে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করে কার্যক্রম শুরু করেন। জামায়াতের অপর দুই নেতা হলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির ও সাংসদ হামিদুর রহমান আযাদ।
ট্রাইব্যুনালে পুলিশের দাখিল করা প্রতিবেদন অনুসারে এ দুজন পলাতক। পত্রিকার প্রতিবেদন অনুযায়ী গত ৪ ফেব্রুয়ারি এক জনসভায় দেওয়া হামিদুর রহমান আযাদ ও সেলিম উদ্দিনের বক্তব্য এবং বিবৃতিতে দেওয়া রফিকুল ইসলাম খানের বক্তব্যকে আদালতের জন্য চরম অবমাননার বলে মনে করেন ট্রাইব্যুনাল। পত্রিকায় প্রকাশিত এসব বক্তব্য আমলে নিয়ে গত ৭ ফেব্রুয়ারি ওই তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে নোটিশ দেন ট্রাইব্যুনাল।