তেলেঙ্গানাসহ নানা বিষয় তো রয়েছেই, ভারতীয় লোকসভার আসন্ন অধিবেশন শেষ পর্যন্ত সোনিয়া গান্ধী ও মনমোহন সিংকে নিয়ে উত্তপ্ত হয় কিনা, সেটাই এ মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে৷ কারণ, অধিবেশন বসার ঠিক তিন দিন আগে ইতালির এক আদালতে অগস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার চুক্তি নিয়ে ঘুষের মামলায় যে নথি জমা পড়েছে, তাতে সরাসরি সোনিয়া গান্ধীর নাম উঠে এসেছে৷ কাল বুধবার অধিবেশন বসছে৷
ইতালির ফিনমেকানিকা কোম্পানির ১২টি অগস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেনার জন্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই অ্যাংলো-ইতালীয় কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল৷ রাষ্ট্রপতিসহ দেশের ভিভিআইপিদের যাতায়াতের জন্য তিন হাজার ৬০০ কোটি রুপির এ চুক্তি নিয়ে প্রথম বিতর্ক দেখা দেয় ইতালিতে৷ অভিযোগ ওঠে, চুক্তির জন্য ঘুষ দেওয়া হয়েছিল৷
এরপর বিষয়টি নিয়ে ভারতেও তদন্ত শুরু করা হয়৷ সিবিআইয়ের তদন্তে গাফিলতি ছাড়াও ঘুষ দিয়ে প্রভাব খাটানোর প্রাথমিক প্রমাণ মেলে৷ বিমানবাহিনীর সাবেক প্রধান এসপি ত্যাগীসহ ১৪ জন অভিযুক্ত হন৷ পরে ২০১৪ সালের জানুয়ারিতে প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি ওই চুক্তি বাতিল করেন৷ কিন্তু ইতিমধ্যেই ইতালীয় কোম্পানিকে বেশ কিছু অর্থ দেওয়া হয়েছে৷ একাধিক হেলিকপ্টারও এসে গেছে৷ শেষ মুহূর্তে চুক্তি বাতিল করায় বড়সড় আর্থিক লোকসানের ঝুঁকিও রয়েছে৷
তিন দিন আগে আদালতে যে নথিপত্র জমা পড়েছে, তাতে কংগ্রেস সভানেত্রী তথা ইউপিএ চেয়ারপারসনের দিকে সরাসরি আঙুল তোলার অবকাশ থেকে যাচ্ছে৷ ২০০৮ সালের সেই নথিতে দেখা যাচ্ছে, চুক্তির মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিশেল হেলিকপ্টার কোম্পানির ভারতীয় শাখার প্রধান পিটার হুলেটকে একটি চিঠিতে বলেন, চুক্তি বাস্তবায়নে হুলেট যেন সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করেন৷ সোনিয়ার ঘনিষ্ঠদের নামও মিশেল চিঠিতে উল্লেখ করেন৷ সেই তালিকায় প্রথমেই ছিল প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নাম৷ আরও আছেন তত্কালীন মন্ত্রী বর্তমানে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, সোনিয়ার রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল, মন্ত্রী বীরাপ্পা মইলি, অস্কার ফার্নান্দেজ, এম কে নারায়ণন (বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল), বিনয় সিং প্রমুখ৷
ইতালির আদালতে এই ‘নোট’-এর পাশাপাশি আরেকটি হাতে লেখা চিরকুট জমা পড়েছে৷ তাতে কিছু বর্ণ লেখা রয়েছে, যা কিছু নামের আদ্যাক্ষর হতে পারে৷ এসব আদ্যাক্ষরের পাশে রয়েছে অর্থের উল্লেখ, যেটা ঘুষ মনে করা হচ্ছে৷ যেমন, এপির পাশে লেখা রয়েছে তিন মিলিয়ন ইউরো৷ ‘এপি’ আহমেদ প্যাটেল কি না সেই জল্পনা শুরু হয়েছে৷ রয়েছে ‘এএফ’, সেটা এয়ার ফোর্স মনে করা হচ্ছে। ‘বিইউআর’ শব্দ ‘ব্যুরোক্রেসি’র ছোট হতে পারে, তার পাশে লেখা ৮ দশমিক ৪ মিলিয়ন ইউরো৷ ‘পল’ মানে ‘পলিটিশিয়ান’ বা রাজনীতিক কি না, তা নিয়ে চলছে জল্পনা৷ তার পাশে ছয় মিলিয়ন ইউরো লেখা৷ ‘এফএএম’ মানে ‘ফ্যামিলি’ কি? তার পাশে ১৫ থেকে ১৬ মিলিয়ন ইউরো৷ অধিবেশনের আগে এই নথি রাজনীতিকে চনমনে করে দিয়েছে৷ বিরোধীরা এ নিয়ে শোরগোল তুললে সরকার কীভাবে মোকাবিলা করবে, সেটা এখন দেখার বিষয়৷