সোমালি পার্লামেন্ট ভবনে আত্মঘাতী গাড়িবোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গতকাল শনিবার পার্লামেন্ট ভবনের বাইরে শক্তিশালী আত্মঘাতী গাড়িবোমা হামলা হয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। আল-কায়েদার সঙ্গে জড়িত জঙ্গি গোষ্ঠী আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। খবর এএফপির।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আদিল বার্তা সংস্থাকে বলেন, ‘পার্লামেন্টে অধিবেশন চলাকালে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি পার্লামেন্টের মূল ফটকে আঘাত করে। এরপর নিরাপত্তারক্ষী গুলি ছুড়লে গাড়িটি বিস্ফোরিত হয়।’ গাড়িতে একজন আত্মঘাতী হামলাকারী ছিলেন বলে তিনি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে তিন পুলিশ কর্মকর্তা ও এক আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী আহমেদ মালিন বলেন, ‘তিন পুলিশের মৃতদেহ এবং লন্ডভন্ড হয়ে যাওয়া গাড়ির নিচে ছিন্নভিন্ন একটি মৃতদেহ আমি দেখেছি। পুলিশ এলাকা ঘিরে রেখেছে। সাধারণ লোকজনকে আশপাশে যেতে দেওয়া হচ্ছে না।’
আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণে বেশ কিছু সাধারণ মানুষ আহত হয়েছেন। তাদের অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়া হয়।
ঘটনাস্থল থেকে এএফপির এক আলোকচিত্র সাংবাদিক জানান, তিনি আহত ১৩ জন সাধারণ নাগরিককে দেখেছেন। এর মধ্যে সাতজন উদ্বাস্তু। তারা পাশের একটি উদ্বাস্তু শিবিরে থাকে।
হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আল-শাবাব বলেছে, তাদের হামলা অব্যাহত থাকবে। তারা প্রায়ই সোমালিয়ার পার্লামেন্ট ভবনসহ অন্যান্য সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।
শাবাবের সামরিক শাখার মুখপাত্র আবদুল আজিজ আবু মুসাব বলেন, ‘পার্লামেন্টের প্রধান ফটকে আত্মঘাতী হামলাটি আমরাই চালিয়েছি। এতে এক ডজনের বেশি পুলিশ নিহত হয়েছে।’
মুখপাত্র আরও বলেন, ‘আমরা তাদের বলতে চাই, মোগাদিসুর কোথাও পার্লামেন্ট সদস্যরা নিরাপদ নন। আল্লাহর রহমতে আমরা আরও হামলা চালাব।’
গত মাসেও পার্লামেন্টের একটি ফটকে হামলা চালায় আল-শাবাব। এরপর সেখানে গোলাগুলিতে জড়িয়ে পড়ে তারা। তখন সেখানে বৈঠক করছিলেন পার্লামেন্টের সদস্যরা। ওই হামলায় কয়েকজন নিহত হয়।
ওই হামলার পর দায়ভার স্বীকার করে শাবাবের মুখপত্র বলেছিলেন, পার্লামেন্ট ভবন একটি ‘সামরিক এলাকা’। সেখানে হামলা চালানো বৈধ।
গত বৃহস্পতিবার গুলিতে নিহত হন এক আইনপ্রণেতা ও তাঁর দেহরক্ষী। শাবাব ওই হামলারও দায় স্বীকার করে। এর আগে গত এপ্রিলে মোগাদিসুতে আততায়ীর হাতে নিহত হন দুই পার্লামেন্ট সদস্য।
এর আগে গত ফেব্রুয়ারিতে জঙ্গিরা সোমালিয়ার সুরক্ষিত প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালায়। গাড়িবোমা নিয়ে প্রাসাদের একটি ফটক দিয়ে ঢুকে পড়ে আত্মঘাতী হামলাকারীরা। এরপর নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। ওই ঘটনায় হামলাকারীসহ ১৬ জন নিহত হয়। এরপর আগে ২০০৯ ও ২০১০ সালেও পার্লামেন্ট ভবন লক্ষ্য করে হামলা চালায় আল-শাবাবের জঙ্গিরা।
আল-শাবাব আরবি শব্দ। এর অর্থ যুবসমাজ। আল-কায়েদার সঙ্গে যোগাযোগ থাকা এই জঙ্গি গোষ্ঠীটি দেশের পশ্চিমা-সমর্থিত সরকারকে উৎখাত করে সোমালিয়ায় একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে।
রাজধানী মোগাদিসুর একটি বড় অংশসহ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বেশির ভাগ এলাকা একসময় আল-শাবাবের জঙ্গিদের নিয়ন্ত্রণে ছিল। তাদের দমনে দেশটিতে ২২ হাজার শান্তিরক্ষী পাঠায় আফ্রিকান ইউনিয়ন (এইউ)। এরপর দীর্ঘ লড়াইয়ে শাবাব গোষ্ঠী অনেকটা কোণঠাসা হয়ে পড়ে এবং তাদের কর্মকাণ্ড এখন মোগাদিসু ও বড় শহরগুলোর কিছু জায়গাতে সীমাবদ্ধ হয়ে পড়েছে।