সৌদি আরবে উটের মাধ্যমে ছড়াচ্ছে মার্স ভাইরাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে উটের মাধ্যমে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মার্স (মিডলইস্ট রেসপিরেটরি সিনড্রোম) ভাইরাস৷ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া একজনের ওপর গবেষণা চালিয়ে বিষয়টি ধরা পড়েছে৷ খবর রয়টার্সের৷
৪৪ বছর বয়সী ওই ব্যক্তি মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে গত বছরের নভেম্বরে মারা যান৷ এরপর সৌদি চিকিৎসাবিজ্ঞানীরা তাঁর ওপর গবেষণা শুরু করেন৷ নেতৃত্বে ছিলেন তারিক মাদানী৷ তাঁরা নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন-এ লিখেছেন, ‘ওই ব্যক্তি তাঁর একটি অসুস্থ উটের নাকে ওষুধ দিয়েছিলেন৷ সাত দিন পর তিনি অসুস্থ হয়ে পড়েন৷’
ওই ব্যক্তির মৃতদেহ থেকে এবং সেই উটের দেহ থেকে নমুনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, মার্স ভাইরাস সরাসরি উট থেকে তাঁর দেহে সংক্রমিত হয়েছে৷
সৌদি আরবে ২০১২ সালে মার্স ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে৷ এ পর্যন্ত দেশটিতে এ ভাইরাসে ৬৯১ জন আক্রান্ত এবং ২৮৪ জনের মৃত্যু হয়েছে৷ সার্স (সিভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম) গোত্রের মার্স ভাইরাসে আক্রান্তের ঘটনা মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপ, এশিয়া এবং যুক্তরাষ্ট্রেও পাওয়া গেছে৷