ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই জোরদার করতে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে সম্প্রতি সৌদি আরবের নেতৃত্বে ৩৪ জাতির জোট গঠিত হয়েছে। তবে অনেক বিশ্লেষক মনে করছেন, এটি খুব জোরদার সাড়া নয়। এ জোটের সদস্য, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তাদের প্রকৃত অবস্থান বা সার্বিক উদ্দেশ্যও যথেষ্ট প্রশ্নবিদ্ধ।
অনেকেরই ধারণা, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জোরদার করার চেয়ে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের গরিমা ধরে রাখা এবং ইরানের বিরুদ্ধে একটি অবস্থান তৈরিই এ জোট গঠনের মূল উদ্দেশ্য। এটি গঠন করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছুটা চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে সৌদি আরব—এমন মতও দিয়েছেন কেউ কেউ।
ওয়াশিংটন ইনস্টিটিউট অব নিয়ার ইস্ট পলিসির সৌদি আরব-বিষয়ক বিশেষজ্ঞ সিমন হেন্ডারসন বলেন, ‘এ জোট গঠন সৌদি আরবের স্বতন্ত্রভাবে কাজ করার চেষ্টার ফসল। তারা মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চাইছে না। দেশটি মুসলিম বিশ্বের নেতৃত্বে থাকতে চায়।’
জোটের গঠন দৃশ্যত খুব তাড়াহুড়ো করে করা হয়েছে। লেবাননসহ কয়েকটি দেশ বলেছে, জোট গঠনের ঘোষণার আগে তারা জানতই না, তাতে তারা আছে।
ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্র্যাটসের জ্যেষ্ঠ সদস্য ডেভিড উইনবার্গ বলেন, ‘সত্যি বলতে কি, যতক্ষণ পর্যন্ত না কার্যকর কিছু চোখে পড়ছে, আমার কাছে এ জোট কিছুই না।’
সৌদি এ জোট গঠনের ঘোষণাকে গুরুত্বসহকারে নেওয়ার কোনো দরকার নেই বলেই মনে করেন উইনবার্গ। তিনি বলেন, ‘অতীতে দেশটি এমন উদ্যোগ একাধিকবার নিয়েছে এবং সেগুলো কোনো কাজে আসেনি।’
লক্ষণীয় বিষয়, সৌদি জোটে যেসব দেশকে রাখা হয়েছে, এর প্রায় সবই সুন্নি মুসলিমপ্রধান দেশ। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, এটি গঠনের মাধ্যমে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইরানকে দূরে রাখতে চায় সৌদি আরব।
পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন মনে করেন, এই জোট গঠনের মাধ্যমে সৌদি আরব ওবামা প্রশাসনকে এটাই বলতে চেয়েছে যে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে পরিত্যাগ করেছে। তিনি বলেন, এক ঘোষণা দেওয়া ছাড়া এই জোট কিছুই করতে পারবে না। তবে প্রতীকীভাবে এটি গুরুত্বপূর্ণ। এটি যুক্তরাষ্ট্রের মুখে একধরনের প্রতীকী চপেটাঘাত।’