সৌদি বাদশার দ্বিতীয় উত্তরাধিকারীকে নিয়ে বিতর্ক
সৌদি আরবের রাজসিংহাসনের দ্বিতীয় (ডেপুটি) উত্তরাধিকারীর নাম ঘোষণা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে৷ বয়োবৃদ্ধ বাদশা আবদুল্লাহর এ সিদ্ধান্ত নিয়ে রাজপরিবারের কেউ প্রকাশ্যে মুখ না খুললেও গোপনে গোপনে অনেকেই সমালোচনা করছেন৷ খবর ওয়াশিংটন পোস্টের৷
বাদশা আবদুল্লাহ গত মার্চ মাসে দ্বিতীয় ক্রাউন প্রিন্স হিসেবে নিজের সর্বকনিষ্ঠ ভাই মাকরিনের নাম ঘোষণা করেন৷ অপ্রত্যাশিত ওই ঘোষণাকে দেশের সাধারণ মানুষ ভালোভাবেই নিয়েছিল৷ কারণ, মাকরিন দুর্নীতিগ্রস্ত নন বলে তাঁরা মনে করেন৷
তবে বিষয়টি নিয়ে রাজপরিবারের অনেকেই নাখোশ হয়েছেন৷ বিশেষ করে মাকরিনের নতুন উপাধি ও তাঁর কুলপরিচয় নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা৷ মাকরিন ইয়েমেনি এক উপপত্নীর সন্তান৷
সাবেক একজন সৌদি কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তিনি (মাকরিন) প্রকৃত প্রিন্স নন৷ তাঁর মা ছিলেন পরিচারিকা৷ তা ছাড়া বাদশার অন্য ভাইয়েরা রয়েছেন, যাঁরা অধিকতর যোগ্য৷ কেউই বিশ্বাস করে না যে মাকরিন বাদশা হবেন৷’