নিছক একজন সাধুর স্বপ্ন বা সরকারের চাপে নয়, বরং বৈজ্ঞানিক ও ঐতিহাসিক তথ্যের ভিত্তিতেই উত্তর প্রদেশে সোনার খোঁজে খননকাজ শুরু হয়েছে। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের (এএসআই) কর্মকর্তারা এ দাবি করেছেন।
এএসআইয়ের অতিরিক্ত মহাপরিচালক বি আর মণি বলেন, এলাকায় সম্মানিত সাধুর স্বপ্নের ওপর ভিত্তি করে খনন শুরু করা হয়নি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অঞ্চলের দেড় শ বছরের ইতিহাস এবং বৈজ্ঞানিক প্রতিবেদনকে গুরুত্ব দেওয়া হয়েছে।
মণি বলেন, ভারতের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের (জিএসআই) প্রাথমিক অনুসন্ধানের বিষয়টিকেও বিবেচনায় নিয়েছে এএসআই। সংস্কৃতি মন্ত্রণালয়ে ৮ অক্টোবর উপস্থাপন করা প্রতিবেদন অনুযায়ী, ওই স্থানে ব্যতিক্রমী অচৌম্বক পদার্থের উপস্থিতি রয়েছে।
এএসআইয়ের প্রথম মহাপরিচালক আলেক্সান্ডার ক্যানিংহ্যামের ১৮৬২ সালের এক প্রতিবেদনে উত্তর প্রদেশের দাউন্দিয়া খেরা গ্রামটির বিশেষ গুরুত্ব সম্পর্কে ইঙ্গিত দেওয়া রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।