সোনার সিংহাসন ও ভদকার বোতল

আফগানিস্তানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে রাজনীতির মাঠ। পিছিয়ে নেই ইন্টারনেটের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোও। প্রযুক্তিকে ব্যবহার করে এ মাধ্যমগুলোকে রীতিমতো যুদ্ধের ময়দানে পরিণত করা হয়েছে।
এসব যোগাযোগ মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকেরা একে-অপরকে বাক্যবাণে জর্জরিত করেই ক্ষান্ত হচ্ছেন না, বরং নানা ধরনের ছবি আপলোড করেও বিতর্ক সৃষ্টির চেষ্টা করছেন। আজ বুধবার বিবিসির ম্যাগাজিনে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
আফগানিস্তানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম পদপ্রার্থী হলেন দেশটির পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশের গভর্নর গুল আঘা শেরজাই। নগর পুনর্গঠনের মহা প্রকল্প হাতে নেওয়ার সুবাদে ইতিমধ্যেই লোকজন আদর করে তাঁর নাম দিয়েছে ‘বুলডোজার’। যেসব ভোটার লিখতে বা পড়তে পারেন না, তাঁরা যাতে ব্যালট পেপার হাতে নিয়ে সহজেই তাঁর মার্কা শনাক্ত করতে পারেন, সেজন্য তিনি তাঁর নির্বাচনী প্রতীকও নিয়েছেন ‘বুলডোজার’।
গত জানুয়ারি মাসে ফেসবুকের মাধ্যমে শেরজাইয়ের একটি ছবি প্রচার করা হয়। ছবিটি তাঁর নির্বাচনী প্রচার শুরুর অনুষ্ঠানের একটি ছবি। ছবিতে দেখা যায়, গুল আঘা শেরজাই একটি সোনার সিংহাসনে বসে আছেন। পাশে ছোট আরেকটি রুপার চেয়ারে বসে আছেন এক ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী।
এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ছবিটি দেখে মনে হচ্ছে যেন কোনো রাজনৈতিক সমাবেশ নয় বরং বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছে।’
আরও একটি ছবি সম্প্রতি ফেসবুকে সমালোচনার ঝড় তুলেছে। সেটি হলো সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট কারজাইয়ের নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহর একটি ছবি। ছবিটিতে দেখা যায়, চেয়ারে বসে এক সহকর্মীর সঙ্গে খোশগল্পে মেতে আছেন তিনি। ছবিটিকে প্রথম দর্শনে একটি সাদামাটা ছবি বলেই মনে হবে। তবে একটু খেয়াল করলে দেখা যাবে, তাঁদের মাঝখানে যে টেবিলটি রয়েছে তাতে বেশ বড়োসড়ো সাইজের দুটো ভদকার বোতল রাখা। তবে এটি ফটোশপ প্রযুক্তির মাধ্যমে করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের আক্রমণের হাত থেকে রেহাই পাননি সাবেক অর্থমন্ত্রী আশরাফ ঘানি আহমাদজাই। ফেসবুকে দেওয়া একটি ছবিতে দেখা যায়, তিনি মক্কায় পবিত্র কাবা শরিফের দিকে পশ্চািদক দিয়ে দাঁড়িয়ে প্রার্থনা করছেন।
এ তো গেল ছবিবিষয়ক বিতর্ক। প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করতে ফেসবুকের আরও বহুমুখী ব্যবহার করছেন প্রতিপক্ষের লোকজন।
প্রেসিডেন্ট পদপ্রার্থী আবদুল্লাহর নির্বাচনী স্লোগান হলো, ‘পুরুষেরা তাঁদের প্রতিশ্রুতি রক্ষা করে।’ (Men keep their promises) সমালোচকদের দাবি, এ স্লোগান নারী জাতির প্রতি অবমাননাকর।
সমালোচনার আগে এই স্লোগান লেখা পোস্টারে ছেয়ে গিয়েছিল কাবুলসহ অন্যান্য শহরের দেয়ালগুলো। তবে এই সমালোচনা ওঠার পরপরই সেগুলো গায়েব হয়ে যায়।
এ ছাড়া পোস্টার কিংবা সমাবেশের বক্তৃতার ভাষার বানান ভুল নিয়েও নানা ধরনের হাস্যরসের সৃষ্টি করা হচ্ছে। তবে ফেসবুকের একটি বার্তায় এক ব্যক্তি আহ্বান জানিয়ে বলেছেন, নিজের প্রচার চালানোর জন্য প্রতিপক্ষকে খাটো করা ঠিক কাজ নয়।