ভারতে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা নিয়ে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে জারি করা সমনটি তাঁর হাতে পৌঁছাতে নতুন আদেশ দিয়েছেন মার্কিন আদালত। কংগ্রেস দলের বর্তমান সভানেত্রী সোনিয়া এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
সমনটি সোনিয়া গান্ধীর হাতে পৌঁছাতে আদালত হাসপাতালের কর্মী ও মার্কিন গোয়েন্দাদের নির্দেশনা দিয়েছেন।
১৯৮৪ সালের ৩১ অক্টোবর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর দুই শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হন। এর প্রতিক্রিয়ায় শিখবিরোধী দাঙ্গায় বেশ কয়েক শ জন নিহত হন। সেই সহিংসতার কথিত ‘ইন্ধনদাতা’ দলীয় কর্মীদের কংগ্রেস সুরক্ষা দিয়েছে বলে অভিযোগ করে আসছে শিখরা। ওই অভিযোগে যুক্তরাষ্ট্রভিত্তিক শিখ মানবাধিকার গ্রুপ শিখ ফর জাস্টিস (এসএফজে) এবং প্রতিশোধমূলক সহিংসতার শিকার কিছুসংখ্যক শিখ গত ৩ সেপ্টেম্বর সোনিয়া গান্ধীর বিরুদ্ধে নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে আবেদন করেন। আইএনএস।