ভারতের নির্বাচন ২০১৪—ভোটের হাওয়া: আলসে ভোটারদের নিয়ে দুশ্চিন্তা : লক্ষৌ
সোনিয়া ও রাজনাথের গন্তব্য নির্ধারণ আজ

নবাবদের শহর লক্ষৌতে ‘পহলে আপ, পহলে আপ’-এর দরুন এখনো মাঝেমধ্যে ট্রেন ছেড়ে যায়, খানদানি খাবারের খুশবু এখনো বনেদি এলাকার বাতাসে মিশে থাকে, চিকনের কাজ আজও চোখ ধাঁধিয়ে দেয়। নবাবিয়ানার এই সব বিশেষত্বের মধ্যে আরও একটি বিষয় এখনো লক্ষৌর তামাম মানুষজনের অভ্যাসে মিশে রয়েছে। আলসেমি। চরম আলসেমিতে ভোগা পুরোনো লক্ষৌর মানুষজনের মধ্যে এখনো ঘুড়ি উড়িয়ে বা পায়রা চড়িয়ে ক্লান্ত হয়ে বিশ্রামরত মানুষদের সংখ্যা অগুনতি। কে জানে, এই সব কারণে কি না, উত্তর প্রদেশের রাজধানীর ভোটের হার কখনো দেশের অন্য বড় শহরের সঙ্গে পাল্লা দিতে পারে না। এবার, এই ৪১ ডিগ্রির চাঁদিফাটা গরমে নবাবিয়ানার মৌতাতে মজা মানুষ ঘেমে-নেয়ে একশা হয়ে ভোট দিতে আসবেন কি না, সেই চিন্তায় ভিরমি খাচ্ছেন প্রার্থীরা ও তাঁদের লোকজন।
আজ বুধবার সপ্তম পর্যায়ের ভোটে উত্তর প্রদেশের রাজধানীসহ মোট ১৪ আসনে কত শতাংশ ভোট পড়বে, তা নিয়ে আপাতত গবেষণা চলছে। মোটামুটি যে ধারণায় অধিকাংশ একমত হচ্ছেন, তা হলো, প্রকৃতি যতই বিরূপ হোক, কট্টর সমর্থকেরা ভোটকেন্দ্রে যাবেনই। রাজনৈতিক দলগুলোর মধ্যে এই কট্টর সমর্থন কমবেশি সব দলেই রয়েছে। যেমন, সমাজবাদী পার্টির কট্টর সমর্থক ছড়িয়ে আছে যাদব ও মুসলমানদের মধ্যে, বহুজন সমাজ পার্টির সমর্থকেরা রয়েছে দলিতদের মধ্যে, বিজেপি ও কংগ্রেসের সমর্থক আছে ব্রাহ্মণ ও ঠাকুরদের মধ্যে। এর বাইরে রয়েছে নরেন্দ্র মোদির এক অমোঘ আকর্ষণ। এই আকর্ষণে কিছুটা বাড়তি সমর্থন প্রতিটি কেন্দ্রে হাজির হলে বিজেপির সভাপতি রাজনাথ সিংয়ের দুশ্চিন্তা দূর হয়।
এমনিতে খুব একটা দুশ্চিন্তা থাকার কথা নয় রাজনাথের। কিন্তু তবু রয়েছে। একটা কারণ মনস্তাত্ত্বিক। ১৯৯০ সালে কল্যাণ সিংয়ের রাজত্বে উত্তর প্রদেশের শিক্ষামন্ত্রী ছিলেন রাজনাথ সিং। সেই সময় পরীক্ষাব্যবস্থাকে নির্ভেজাল করতে তিনি রাজ্যে টোকাটুকি (নকল) বন্ধের আইন আনেন। হাজার হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় টোকাটুকি করতে গিয়ে ধরা পড়ে জেলে যায়। রাজ্যজুড়ে শুরু হয় প্রবল অসন্তোষ। এরই জেরে ১৯৯৩ সালে বিধানসভার ভোটে রাজনাথ গোহারা হারেন। লক্ষৌতে সেই তাঁর প্রথম ও শেষ ভোট। তারপর এবার। লোকসভায়। গাজিয়াবাদের জেতা আসন ছেড়ে অটল বিহারি বাজপেয়ির লক্ষৌতে তিনি প্রার্থী হয়েছেন গতবারের জয়ী প্রার্থী লালজি ট্যান্ডনকে বঞ্চিত করে। লালজিকে রাজ্যসভায় নিয়ে যাওয়ার টোপ দেওয়া হয়েছে।
দুশ্চিন্তার অন্য কারণটি রাজনৈতিক। ইতিমধ্যেই একটা গুঞ্জন পল্লবিত হয়েছে যে নরেন্দ্র মোদির নামে প্রয়োজনীয় সমর্থন যদি না মেলে, তাহলে রাজনাথ সিংকে সামনে রেখেই কেন্দ্রে সরকার গড়ার চেষ্টা করবে বিজেপি। এই গুঞ্জনকে বিজেপি নেতৃত্ব উড়িয়ে দিলেও শারদ পাওয়ারের মতো নেতা প্রকাশ্যে এই গোপন তথ্য প্রকাশ করে দেওয়ায় জল কিছুটা ঘোলা হয়েছে। সন্দেহ বড় খারাপ জিনিস। রাজনৈতিক সন্দেহ আরও খারাপ। রাজনাথের দুশ্চিন্তা, এই নিয়ে দলে ঘোঁট পাকালে তাঁরই ক্ষতি। যদিও প্রকাশ্যে বলছেন, এটা প্রতিপক্ষের প্রচার মাত্র।

আজ ভোটে দেশের মোট ৮৯টি আসনের মধ্যে উত্তর প্রদেশে রয়েছে ১৪টি। এই ১৪টির মধ্যে গতবার বিজেপি একমাত্র লক্ষৌর আসনটিই পেয়েছিল। বাকি ১৩টির মধ্যে কংগ্রেস ছয়টি, সমাজবাদী পার্টি চারটি ও বহুজন সমাজবাদী পার্টি পেয়েছিল তিনটি আসন। অর্থাৎ, সেই অর্থে এই ১৪টি আসনে বিজেপির হারানোর কিছুই নেই, যদিও জেতার জন্য রয়েছে সব কটিই। মোদির হাওয়া আদৌ বিস্তার লাভ করেছে কি না, তার প্রমাণ দেবে এবারের এই ভোট। পাশাপাশি, মোদিকে রুখতে হলে এই আসনগুলোতে জোর লড়াই চালাতে হবে। বিশেষত, কংগ্রেসকে। কিন্তু সেখানে কারও সঙ্গে কারও জোটবদ্ধতাই নেই।
জোটবদ্ধতা যদি কোথাও থেকে থাকে তাহলে মুসলমান মানসিকতায়। কেননা, মোদিকে রুখতে মোটের ওপর সব মুসলমানই নীতিগতভাবে একমত। কিন্তু এই লক্ষৌতেই সেই সুরের তাল কেটে যায়। আজ বহু বছর ধরেই নবাবের শহরের মুসলমানরা অটল বিহারি বাজপেয়িকে তাঁদেরও নেতা বলে মেনে এসেছেন। রাজধানীর শিয়া মুসলমানরা তো এখনো মজে আছেন বাজপেয়িতে। শাহনাজফ ইমামবাড়ার ইমাম মুসলিম রিজভি বললেন, ‘আমরা তাঁকে ভোট দিতাম উনি জাতীয়তাবাদী বলে। শুধু শিয়াই নন, সুন্নিরাও তাঁকে শ্রদ্ধা করেন ও ভোট দিতেন।’ কিন্তু এবার লক্ষৌতে রাজনাথ ও দিল্লিতে মোদি? প্রশ্নটা শেষ করতে না দিয়েই ইমাম মুসলিম রিজভি বললেন, ‘বিজেপিও জাতীয়তাবাদী। এটাও লোকসভার ভোট। তা ছাড়া, রাজনাথের মধ্যে আমরা বাজপেয়ির ছায়া দেখতে পাই।’
লক্ষৌর প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা কালবে জাওয়াদ প্রতিবার ভোটের আগে অটল বিহারির পক্ষে দাঁড়াতেন। এবার বিজেপিকে সমর্থনের কথা বলেছেন। শিয়া সম্প্রদায়ের এই মনোভাবকে আদৌ সমর্থন করেন না প্রভাবশালী সুন্নি ব্যক্তিত্ব মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য জাফরইয়াব জিলানি। প্রথম আলোকে তিনি বলেন, মুসলমানদের কাছে বিচার্য বিষয় একটাই হওয়া উচিত, কারা বিজেপিকে হারাতে পারছে বা পারে। ভোট তাদেরই প্রাপ্য। যেখানে কংগ্রেস-বিজেপি সরাসরি লড়াই, সেখানে কংগ্রেসকে, যেখানে যার জয়ের সম্ভাবনা বেশি, সেখানে তাদের। শিয়ারা কেন বিজেপিকে পছন্দ করেন, তার কোনো ব্যাখ্যা জিলানির কাছে নেই। তাঁর কথায়, এটা একটা ধারণামাত্র। বাস্তব তেমন নয়। একজন মুসলমানও বিজেপিকে ভোট দেবেন না। দেওয়া উচিত নয়।
উচিত-অনুচিতের বেড়া টপকে এখানকার ভোট এবার এক অন্য মাত্রা পেয়ে গেছে। বিজেপি ও কংগ্রেসের দুই সভাপতি রাজনাথ সিং ও সোনিয়া গান্ধীর ভাগ্য নির্ধারণ হবে আজ। বাকি দুই পর্যায়ে থাকছেন দুই সম্ভাব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী। এই রাজ্য সব সময়ই ভারতীয় ভোটের কেন্দ্রবিন্দু। উত্তর প্রদেশ বরাবর দেশকে প্রধানমন্ত্রী উপহার দিয়ে এসেছে। সেই লক্ষ্যেই মোদি এবার গুজরাটের পাশাপাশি বেছে নিয়েছেন বারানসিকে। এই রাজ্য থেকে যত বেশি আসন, ক্ষমতার তত কাছে পৌঁছানোর ছাড়পত্র হাতে আসা। সেই ছাড়পত্র মুঠোয় পুরতে নরেন্দ্র মোদি এই লক্ষৌতে একমাত্র তাঁকেই প্রাধান্য দিয়েছেন, যাঁকে উপেক্ষা করার হিম্মত এই মুহূর্তে তাঁর নেই। অটল বিহারি বাজপেয়ি। রাজধানী থেকে প্রকাশিত সব সংবাদপত্রে ও হোর্ডিংয়ে মোদির ঠিক পেছনে বাজপেয়ির হাস্যোজ্জ্বল ছবি। মোদির তুলনায় বড়ও। যেন পেছন থেকে বাজপেয়ি আশীর্বাদ করছেন মোদিকে। বিজ্ঞাপনে লেখা, ‘টাইম ফর মোদি, টাইম ফর চেঞ্জ’। এই যুদ্ধে একদিকে নরেন্দ্র মোদি, অন্যদিকে বাদবাকি সবাই। মোদিময় এই ভোটে তিনিই যেন একমাত্র সত্য, বাকি সব এলেবেলে। এমনকি এই লক্ষৌতেও, দলের সভাপতি যেখানে প্রার্থী।