সোনিয়া গান্ধী মনমোহনের চেয়ে বেশি প্রভাবশালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াদিল্লি প্রতিনিধিকংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চেয়ে বেশি প্রভাবশালী। সম্প্রতি এক জরিপের ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার এক বছর পূর্তি উপলক্ষে একটি সংবাদ চ্যানেল এই জরিপ চালায়। সরকার সম্পর্কে জনমত যাচাই ছিল এ জরিপের লক্ষ্য। জরিপে সারা দেশে ৩৪ হাজার ২৭৭ জন নাগরিকের মতামত যাচাই করা হয়। এর মধ্যে ৬৩ শতাংশ ভারতীয়ের মতে প্রধানমন্ত্রীর চেয়ে কংগ্রেস প্রধান বেশি প্রভাবশালী। তবে প্রধানমন্ত্রীর কিছু কট্টর সমর্থক রয়েছে। তাঁর কাজে বিপুলসংখ্যক ভারতীয় নাগরিকের সমর্থন রয়েছে। জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি প্রকাশ করেছে। ৩৮ শতাংশ মনে করে, ২০১৪ সালে অনুষ্ঠেয় পরবর্তী নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বদল হবে।জরিপের ফলাফল অনুযায়ী ৪৪ শতাংশ ভারতীয় মনে করে, বর্তমান জোট সরকারের প্রথম বছরের শেষ নাগাদ এসে তারা খারাপ অবস্থায় আছে বলে অনুভব করছে। ৩৫ শতাংশের মতে, বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে তারা আগের চেয়ে ভালো বোধ করছে। জরিপে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ব্যাপারেও জনমত যাচাই করা হয়। এতে তাদের অবস্থান বেশ নাজুক বলে ধরা পড়ে। জরিপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কংগ্রেসের রাজনৈতিক কর্মকাণ্ডের পেছনে সোনিয়া গান্ধীর শক্ত হাত রয়েছে। ইউপিএ জোটের পেছনে তিনি নিঃসন্দেহে একটি শক্তি হিসেবে কাজ করছেন, প্রধানমন্ত্রী মনমোহন সিং সেখানে প্রধান নির্বাহী হিসেবে আছেন। জরিপে প্রধানত ক্ষমতার সমীকরণের ওপর আলোকপাত করা হয়। এতে পছন্দের দল হিসেবে বেশির ভাগই কংগ্রেসের কথা বলেছে। জনমতে মনে হয়েছে, সোনিয়া গান্ধীর ছেলে অপর কংগ্রেস নেতা রাহুল গান্ধী বেশ দাপটের সঙ্গে নেতৃত্বের দিকে এগিয়ে চলেছেন। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে অর্ধেকের মতামত, গান্ধী পরিবারের একজন সদস্য প্রধানমন্ত্রী হলে আরও ভালো হবে। ৫৫ শতাংশের মতে পরবর্তী প্রধানমন্ত্রী রাহুলের হওয়া উচিত। এ ব্যাপারে প্রায় ২৫ শতাংশ নেতিবাচক মন্তব্য করেন। ৭৭ শতাংশ নারী সংরক্ষণ বিলটিকে একটি ইতিবাচক বিল হিসেবে সমর্থন করছেন। ৫৬ শতাংশের মতে, নেতৃত্বে পুরুষের চেয়ে নারীরা তুলনামূলকভাবে ভালো। জরিপের ফল অনুযায়ী কংগ্রেস ও বিজেপি উভয় দলের সমর্থকদের মধ্যে হতাশা বাড়ছে। এতে কংগ্রেস সমর্থকদের মধ্যে হতাশ ব্যক্তি রয়েছে ৪১ শতাংশ এবং বিজেপির মধ্যে এই হতাশ সমর্থকের হার ৪৯ শতাংশ। মন্ত্রিসভার মধ্যে অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরমের জনপ্রিয়তা লক্ষণীয়। প্রণবের প্রতি ৫৯ শতাংশ ও চিদাম্বরমের প্রতি ৬১ শতাংশের সমর্থন রয়েছে। ৬২ শতাংশের মতামত হচ্ছে, ভারতে মুদ্রাস্ফীতির কারণে তারা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মতে, ৯০ শতাংশ রাজনীতিকই দুর্নীতিবাজ। ৮৮ শতাংশ মনে করে, দেশের পুলিশ বাহিনী দুর্নীতিগ্রস্ত।