সোনিয়া নয়, লোকসভায় কংগ্রেসপ্রধান মল্লিকার্জুন

লোকসভায় কংগ্রেস দলের নেতা করা হয়েছে মল্লিকার্জুন খাড়গেকে। আজ সোমবার কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী এ ঘোষণা দেন বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।
লোকসভায় কংগ্রেস দলের প্রধান হতে সোনিয়া ও রাহুল গান্ধীর অস্বীকৃতি জানানোর পরই শোনা যাচ্ছিল, নয়বার লোকসভার সদস্য নির্বাচিত হওয়া কমলনাথই নেতা নির্বাচিত হতে যাচ্ছেন।
সাবেক মন্ত্রী মল্লিকার্জুন খাড়গে কর্ণাটকের গুলবার্গা থেকে নির্বাচিত। তিনি কংগ্রেসের অন্যতম দলিত নেতা।
তবে লোকসভায় মল্লিকার্জুনের পদটি বিরোধীদলীয় নেতার পদ হবে কি না, সেটি এখন দেখার বিষয়। কারণ, লোকসভার সচিবালয়ের সূত্রমতে, বিরোধীদলীয় নেতার পদ পেতে হলে কোনো দলের এক-দশমাংশ পার্লামেন্ট সদস্য থাকতে হবে। ভারতের লোকসভার নির্বাচিত সদস্যের সংখ্যা ৫৪৩। সে হিসেবে দেশটির পার্লামেন্টে বিরোধী দলের মর্যাদা পেতে হলে ৫৫ জন লোকসভার সদস্য লাগবে। কিন্তু কংগ্রেসের আছে ৪৪ সদস্য।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুব ভালো একজন বক্তা, সে ক্ষেত্রে তাঁর বিরোধী হিসেবে আপনার পদটি চ্যালেঞ্জিং কি না, এমন প্রশ্নের জবাবে এনডিটিভিকে মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘আজ এ ব্যাপারে কথা বলতে চাই না। আমার ওপর বিশ্বাস রাখায় সোনিয়া গান্ধীকে ধন্যবাদ।’