সোনিয়া প্রধানমন্ত্রী হলে আমার আপত্তি ছিল না: কালাম
ভারতে ২০০৪ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট জয়ী হয়। কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের আপত্তির কারণে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হননি—এমন গুঞ্জন রয়েছে। তবে আবদুল কালাম বলেছেন, সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ করাতে তিনি প্রস্তুত ছিলেন।আবদুল কালাম তাঁর স্মৃতিকথামূলক বই টার্নিং পয়েন্টস-এ এই কথা লিখেছেন বলে পত্রপত্রিকার প্রতিবেদনে জানা গেছে। আবদুল কালাম লিখেছেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল ও রাজনীতিকের চাপ সত্ত্বেও সরকার গঠনের জন্য সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি প্রস্তুত করেছিল রাষ্ট্রপতির কার্যালয়। তবে সোনিয়া মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করায় তিনি (কালাম) ‘বিস্মিত’ হন।টার্নিং পয়েন্টস বইয়ে কালাম আরও লিখেছেন, সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী না করার জন্য বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও দলের কাছ থেকে তিনি ই-মেইল ও চিঠি পেয়েছিলেন। তবে তিনি কোনো মন্তব্য না করেই এসব চিঠি ও ই-মেইল বিভিন্ন সরকারি এজেন্সির কাছে পাঠিয়ে দেন।কালাম বলেন, ‘সেসব দাবি সাংবিধানিকভাবে সমর্থনযোগ্য ছিল না এবং সোনিয়া গান্ধী যদি প্রধানমন্ত্রী হতে চাইতেন, তাহলে তাঁকে নিয়োগ দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না।’ টার্নিং পয়েন্টস এখনো বাজারে আসেনি। জিনিউজ।