ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী মনোনয়ন নিয়ে গতকাল বুধবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে সোনিয়ার প্রস্তাবিত রাষ্ট্রপতি পদে প্রণব মুখার্জি ও হামিদ আনসারির মনোনয়নের ব্যাপারে সাড়া দেননি মমতা।পরে সমাজবাদী পার্টির (এসপি) প্রধান মুলায়ম সিং যাদবের সঙ্গে নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন করেন মমতা। তাতে রাষ্ট্রপতি পদের জন্য সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম, বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সাবেক স্পিকার বামপন্থী নেতা সোমনাথ চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়।সোনিয়ার সঙ্গে বৈঠক শেষে মমতা সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট পদের জন্য সোনিয়ার প্রথম পছন্দের প্রার্থী প্রণব মুখার্জি। তাঁর দ্বিতীয় পছন্দ ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি।’কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন প্রণব। তিনি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা। আর হামিদ আনসারি বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ১৯ জুলাই ভারতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ইউপিএ জোটভুক্ত তৃণমূলের সরকারেও অংশীদারি রয়েছে। মমতা গতকাল নয়াদিল্লির ১০ জনপথে সোনিয়ার বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করেন। বৈঠক থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের জানান, সোনিয়ার প্রথম ও দ্বিতীয় পছন্দের প্রার্থীর নাম প্রণব ও আনসারি। তবে বৈঠকে তিনি সোনিয়ার কাছে কোনো অঙ্গীকার করেননি। মমতা জানান, প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর দল কাকে সমর্থন দেবে, সে সিদ্ধান্ত হয়নি। নিজের দল ও সমাজবাদী পার্টির (এসপি) প্রধান মুলায়ম সিং যাদবের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।সোনিয়ার পর মমতা এসপি নেতা মুলায়ম সিংয়ের সঙ্গে আবারও বৈঠক করবেন। এর আগে গত মঙ্গলবার এ দুই নেতা বৈঠক করেন। পরে নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলনে তিনজনের নাম ঘোষণা করে তাঁদের মধ্য থেকেই একজনকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার কথা বলেন মমতা ও মুলায়ম সিং। সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মুলায়ম। পরে মমতা তাঁর বক্তৃতায় বলেন, সবার সম্মতিতে রাষ্ট্রপতি নির্বাচিত করা উচিত। এদিকে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে মমতার বৈঠকে বসার কথা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় ও তৃণমূল কংগ্রেসের নেতার বিষয়টি নিশ্চিত করেন। হিন্দুস্তান টাইমস ও জি নিউজ।