সোনিয়াকে তেলেঙ্গানা নেতার নতুন প্রস্তাব
তেলেঙ্গানা আন্দোলনের নেতা ও তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির (টিআরএস) সভাপতি কে চন্দ্রশেখর রাও আজ সোমবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন। জানা গেছে, বৈঠকে সোনিয়াকে চন্দ্রশেখর নির্বাচন জোটসংক্রান্ত প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবটি হলো আসন্ন লোকসভা ভোটে কংগ্রেস নতুন এই রাজ্যের মোট ১৭টি আসনের মধ্যে বেশির ভাগটিতে তাদের প্রার্থী দেবে। বদলে কংগ্রেস বিধানসভা ভোটে টিআরএসকে সমর্থন দেবে।
সূত্র অনুযায়ী প্রস্তাবে রাজি হলে, লোকসভায় কংগ্রেসের আসন যেমন বাড়বে, তেমনই রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারবেন চন্দ্রশেখর রাও। টিআরএসের প্রধানের ওই প্রস্তাব কংগ্রেসকে কিছুটা চিন্তায় ফেলেছে। কারণ, এই চন্দ্রশেখর রাওই আগে ঘোষণা করেছিলেন, তেলেঙ্গানা গঠন হলে তিনিও তাঁর দল গুটিয়ে নেবেন ও কংগ্রেসে মিশে যাবেন। ভারতের সাধারণ নির্বাচনের আগে প্রধান দুই রাজনৈতিক দলের জোট সমীকরণে নতুন বিন্যাস হতে পারে। এই বিন্যাস কংগ্রেসের চিন্তা যেমন কিছুটা বাড়াতে পারে, তেমনই বিজেপির সামনে খুলে দিতে পারে নতুন এক সম্ভাবনা।
গতকাল রোববার অনুষ্ঠিত ওই বৈঠকে রাজনৈতিক দিক দিয়ে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। জোটের নতুন প্রস্তাব দেওয়ার অর্থ চন্দ্রশেখর রাও দল গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন না। বরং দল চালু রেখে কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগির নতুন দর-কষাকষি করতে চাইছেন। কংগ্রেসের কাছে সেটা কিছুটা চিন্তার কারণ। দ্বিতীয় ঘটনাটি বিহারের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রাজ্যের দলিত নেতা লোক জনশক্তি পার্টির (এলজেপি) সভাপতি রামবিলাস পাসোয়ান একেবারে আচমকাই বিজেপির দিকে ঝুঁকে পড়েছেন। ২০০৯ সালের ভোটে বিহারে লালুপ্রসাদ ও রামবিলাস পাসোয়ানের দলের সঙ্গে কংগ্রেস জোট বেধেছিল। অবশ্য তাতে কারও বিশেষ লাভ হয়নি। বিশেষ করে রামবিলাস পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টির। তারা একটি আসনও জিততে পারেনি। এবারও কংগ্রেস ও লালুপ্রসাদের পার্টি রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) রামবিলাসের সঙ্গে জোট বাধতে আগ্রহী হলেও এলজেপিকে তিনটির বেশি আসন দিতে নারাজ। রামবিলাসের দাবি সেখানে অন্তত ১০টি আসন। এই অবস্থায় রামবিলাস বিজেপির দিকে ঝুঁকেছেন। তিনি নিজে কিছু না বললেও তাঁরই দলের নেতা সুরজভান বলেছেন, গুজরাট দাঙ্গায় সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদিকে ক্লিন চিট দিয়েছে। ফলে মোদির গ্রহণযোগ্যতা নিয়ে আর প্রশ্ন ওঠার অবকাশ নেই। সুরজভানের কথায়, বিজেপির সঙ্গে এলজেপির জোট বাধা এখন স্রেফ সময়ের প্রতীক্ষা। রামবিলাসের ছেলে চিরাগ বলেছেন, আলোচনা হয়েছে ঠিকই, তবে জোট হবে কি হবে না তা চূড়ান্ত হয়নি।
জোট বাধা ও জোট ভাঙা নিয়ে রামবিলাসের তেমন কোনো ছুতমার্গতা নেই। ১৯৯৬ থেকে ২০০৯ পর্যন্ত তিনি যুক্তফ্রন্ট, এনডিএ ও ইউপিএ প্রত্যেকেরই ঘর করেছেন আবার ঘর ভেঙে বেরিয়ে এসেছেন। ২০০২ সালে গুজরাট দাঙ্গার পর রামবিলাস এনডিএ ছেড়ে চলে আসেন। পরে ইউপিএর শরিক হন। সব আমলেই তিনি কেন্দ্রে মন্ত্রিত্ব করেছেন। বিজেপির সঙ্গে জোট বাধলে তিনি তুলনামূলকভাবে বেশি আসন পাবেন। অন্যদিকে রামবিলাসের হাত ধরে বিজেপিও রাজ্যে দলিতদের একটা বড় অংশের সমর্থন পাবে বলে মনে করছে। তা ছাড়া এই জাতীয় জোট মোদির গ্রহণযোগ্যতাকেও প্রতিষ্ঠা করবে। বিজেপি এর মধ্যেই বিহারের অনগ্রসর নেতা উপেন্দ্র কুশওয়াহার দল রাষ্ট্রীয় লোক সমতা পার্টির সঙ্গে জোট করে নিয়েছে। তিনটি আসন তাদের বিজেপি ছেড়ে দেবে।