সোনিয়ার ধর্মবিশ্বাসের বিস্তারিত জানতে চেয়ে করা রিট খারিজ
ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধীর ধর্মীয় বিশ্বাসের বিস্তারিত ব্যাখ্যা চেয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন। আদালত বলেছেন, কোনো ব্যক্তির ধর্মবিশ্বাস তার ‘একান্ত ব্যক্তিগত’ বিষয়। হরিয়ানার একজন সাবেক পুলিশ কর্মকর্তা তথ্য অধিকারের আওতায় কেন্দ্রীয় আদমশুমারি কার্যালয় থেকে সোনিয়া গান্ধীর ধর্মীয় বিশ্বাস সম্পর্কে বিস্তারিত জানার জন্য আদালতে একটি আবেদন জানান। আদালত শেষ পর্যন্ত সেটি খারিজ করে দেন। হিন্দু জাতীয়তাবাদী দলগুলো মাঝেমধ্যেই ইতালীয় বংশোদ্ভূত সোনিয়া গান্ধীর ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলে থাকে। সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু—এমন একটি দেশের ক্ষমতাসীন দলের প্রধান হিসেবে দায়িত্ব পালনের অধিকার সোনিয়ার আছে কি না, তা নিয়েও তারা প্রশ্ন তুলেছে। সোনিয়া গান্ধী রোমান ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেছেন। তাঁর প্রয়াত স্বামী রাজীব গান্ধীর বাবা ছিলেন একজন পারসি ও মা সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন হিন্দু। বিবিসি অনলাইন।