সোনিয়ার নৈশভোজের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) চেয়ারপারসন সোনিয়া গান্ধীর নৈশভোজের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে ১৮ জুলাই ওই নৈশভোজের আয়োজন করা হচ্ছে। রাষ্ট্রপতি পদে ইউপিএর প্রার্থী প্রণব মুখার্জির সমর্থনেই এ নৈশভোজ হবে। এতে ইউপিএ ও তাদের জোটের পার্লামেন্ট সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। সোনিয়া গান্ধীর পক্ষে কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল মমতাকে ওই নৈশভোজে আমন্ত্রণ জানান। কিন্তু মমতা তা সরাসরি ফিরিয়ে দেন। কংগ্রেস নেত্রীর আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার পর ইউপিএর আজকের বৈঠকে তৃণমূল অংশ নিচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন সংশয় দেখা দিয়েছে। তা ছাড়া আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার বিষয়কে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।এদিকে আজকের বৈঠকে মমতাকে অংশ নিতে প্রধানমন্ত্রী মনমোহন সিং আহ্বান জানিয়েছিলেন। কিন্তু মমতা তাতে সাড়া না দিয়ে রেলমন্ত্রী মুকুল রায়কে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। যে মুহূর্তে ইউপিএর দুই মিত্রের মধ্যে রাজনৈতিক সম্পর্কে বরফ গলছে বলে খবর বের হচ্ছিল, ঠিক সেই সময় মমতা কংগ্রেস নেত্রীর নৈশভোজের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন। এতে তাদের সম্পর্ক আগের অবস্থানে ফিরে যেতে পারে। টাইমস অব ইন্ডিয়া।