সোনিয়ার প্রতি বিতর্কের আহ্বান কেজরিওয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে দুর্নীতি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ক্ষমতাসীন কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধী ও সাধারণ সম্পাদক রাহুল গান্ধীকে প্রকাশ্য বিতর্কে আহ্বান জানিয়েছেন দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা অরবিন্দ কেজরিওয়াল। দুর্নীতিবিরোধী সংগঠন ইন্ডিয়া অ্যাগেইনস্ট করাপশনের নেতা কেজরিওয়াল বলেন, তাঁর দলের বিরুদ্ধে যেসব প্রশ্ন উঠেছে সেগুলোর জবাব দেওয়া হবে। তবে তার আগে কংগ্রেস নেতৃত্ব এবং সোনিয়ার জামাতা রবার্ট ভদ্রকে দুর্নীতির মামলায় নিজেদের নির্দোষ প্রমাণ করতে হবে। কেজরিওয়ালের নিয়ন্ত্রণাধীন বেসরকারি সংস্থার (এনজিও) অর্থায়ন এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং একদিন আগেই প্রশ্ন তোলেন। এ প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ‘রবার্ট ভদ্র এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের কিছু প্রশ্ন রয়েছে। আগে সেগুলোর উত্তর দেওয়া হোক। তারপর আমরা দিগ্বিজয় সিংয়ের প্রশ্নের জবাব দেব। তখন ব্যক্তিগত এবং সর্বসাধারণ-সম্পর্কিত বিষয়ে পাল্টাপাল্টি প্রশ্ন করা যেতে পারে। আমাদের ব্যক্তিগত বিষয়ে যত খুশি প্রশ্ন করা যাবে। তারপর আমরা তাঁদের প্রশ্ন করব। তাঁদের প্রকাশ্যে উত্তর দিতে হবে। ’কেজরিওয়াল অভিযোগ করেন, ভদ্র এবং লোকপাল বিলবিষয়ক প্রশ্নে প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুদা কোনো উত্তর দেননি। টাইমস অব ইন্ডিয়া।