সোনিয়ার সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কথা হয়নি: শারদ
ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শারদ পাওয়ার বলেছেন, কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সম্প্রতি এক বৈঠকে তিনি রাষ্ট্রপতি নিয়ে আলাপ-আলোচনা করেছেন। তবে ওই আলোচনায় কোনো প্রার্থীর নাম উঠে আসেনি। এ নিয়ে অন্যদের সঙ্গেও আলাপ-আলোচনা চালানো হবে বলে জানান তিনি।কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শারদ পাওয়ার বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নিশ্চিত করে কোনো উত্তর দেওয়া সম্ভব নয়। এনসিপির মহাসচিব (জেনারেল সেক্রেটারি) ডি পি ত্রিপাঠি বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) জোটভুক্ত একজন উপজাতি প্রার্থীর বিষয়ে সাবেক লোকসভা সদস্য পি এ সাংমার বক্তব্য তাঁর ব্যক্তিগত। এটা গোটা দলের বক্তব্য নয়। ডি পি ত্রিপাঠি আরও বলেন, ‘তাই বলে এটা প্রমাণ করে না, একজন উপজাতিকে দেশের প্রেসিডেন্ট হিসেবে মেনে নেওয়ার ক্ষেত্রে আমাদের দল বিরোধী ভূমিকা পালন করবে।’ত্রিপাঠি আরও বলেন, ইউপিএ ও এনসিপি একসঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীর বিষয়ে মতৈক্যে পৌঁছানোর চেষ্টা করছে। তিনি বলেন, ‘আমরা আশাবাদী, শিগগিরই মতৈক্যে পৌঁছানো যাবে। শুধু তা-ই নয়, আমাদের মনোনীত প্রার্থী আসছে জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করবে।’ এ বিষয়ে পি এ সাংমা বলেন, উপজাতি নেতারা মিলিত হয়ে দাবি তুলবে, নিয়ম অনুযায়ী দেশের পরবর্তী প্রেসিডেন্ট উপজাতি থেকেই হওয়া উচিত।