সোমালিয়ায় আট নারী-শিশু মালিতে জঙ্গিনেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ায় ফরাসি গোয়েন্দা জিম্মিকে মুক্ত করতে গতকাল রোববারও জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ফ্রান্স। এতে অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে ওই জিম্মিকে উদ্ধার করা সম্ভব হয়নি।এদিকে মালিতেও হামলা অব্যাহত রেখেছে ফ্রান্সের বিমানবাহিনী। এই হামলায় জঙ্গিদের একজন শীর্ষ নেতা নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফ্রান্স গতকাল সোমালিয়ার দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত এলাকায় হামলা চালায়। ওই এলাকার একজন বাসিন্দা টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে জানান, বুলোমারা শহরের অদূরে ফ্রান্সের হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। আলী মোয়ালিম নামের একজন বাসিন্দা বলেন, ‘আমরা জানি না, কেন এই বেসামরিক ব্যক্তিদের হত্যা করা হলো।’ তিনি জানান, ফ্রান্সের কমান্ডো বাহিনীর সদস্যরা বিমান দিয়ে বুলোমারার অদূরে নামার পর পরই ওই চারজনকে হত্যা করে। পরে তারা বুলোমারা শহরে প্রবেশ করে। স্থানীয় বাসিন্দারা জানান, অপর চারজন বেসামরিক নাগরিক নিহত হন ক্রসফায়ারে। বুলোমারা শহরে ফ্রান্সের কমান্ডো বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষের সময় ওই চারজন ক্রসফায়ারের শিকার হন। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। স্থানীয় বাসিন্দারা এই অভিযানে ক্ষোভ প্রকাশ করেন।ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জ্যঁ ই লে ড্রিয়ান বলেন, ফরাসি গোয়েন্দা সংস্থার সদস্য ডেনিস অ্যালেক্সকে উদ্ধার হলেই অভিযান শেষ করা হবে। গতকাল তিনি জানান, ৫০ সেনাকে নিয়ে গঠিত কমান্ডো বাহিনী পাঁচটি হেলিকপ্টার নিয়ে জঙ্গিবিরোধী অভিযানে অংশ নিচ্ছে।২০০৯ সালে অ্যালেক্সসহ দুজনকে অপহরণ করে আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। আল-শাবাবের জ্যেষ্ঠ নেতা শেখ মোহাম্মদ ইব্রাহিম কমান্ডো বাহিনীর হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা আত্মরক্ষার জন্য প্রস্তুত ছিলাম।’এদিকে মালিতে ফ্রান্সের বিমানবাহিনীর হামলায় জঙ্গিগোষ্ঠী আনসার দিনের প্রধান ইয়াদ আগ ঘালি নিহত হয়েছেন। গতকাল দেশটির নিরাপত্তাবাহিনীর একটি সূত্র জানায়, মালির মধ্যাঞ্চলের কোনা শহর দখলে নেওয়ার সময় বিমানবাহিনীর হামলায় নিহত হন ইয়াদ।মালিতে হামলা সম্পর্কে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ড্রিয়ান বলেন, গতকাল হামলা শুরু হয়েছে। আজ (রোববার) হামলা চলছে, আগামীকালও এ হামলা অব্যাহত থাকবে। এএফপি।