সোমালিয়ার কোকানি শহর আল-শাবাবের দখলমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ায় জঙ্গিসংগঠন আল-শাবাবের দখল থেকে দক্ষিণাঞ্চলীয় কোকানি শহরটি পুনরুদ্ধার করেছে সরকারি বাহিনী। সরকারি কর্মকর্তারা জানান, সামরিক বিমান থেকে গোলাবর্ষণের মাধ্যমে গত শনিবার শহরটি পুনরুদ্ধার করা হয়। সোমালিয়ার লোয়ার জুবা অঞ্চলে অবস্থিত কেনিয়ার সীমান্তবর্তী ওই শহরটি আল-শাবাবের দক্ষিণাঞ্চলীয় শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত ছিল। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পশ্চিমা-সমর্থিত সরকারি বাহিনী এবং সরকারপন্থী আধাসামরিক বাহিনী বিমান হামলা চালিয়ে দখল করে নেয় কোকানি শহর।সরকারের নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা আবদুর রহমান মোহাম্মদ বলেন, আল-শাবাবের অবস্থানের ওপর ভারী গোলাবর্ষণের পর সরকারি বাহিনী কোকানি শহরের নিয়ন্ত্রণ নেয়। শত্রুবাহিনী পরাজিত হয়েছে ও তাদের বিরুদ্ধে লড়াই চলবে।ঘটনাস্থলের নিকটবর্তী একটি গ্রামের বাসিন্দা সুগুল আলি বলেন, অনেকগুলো বিমান থেকে কোকানির অরণ্য এলাকায় গোলাবর্ষণ করা হয়। এতে প্রচণ্ড বিস্ফোরণ হয় এবং মুখোমুখি লড়াই না করেই শহরটি ছেড়ে চলে যায় আল-শাবাব বাহিনী। এএফপি।