সোমালিয়ার দুটি অঞ্চলে দুর্ভিক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ায় বিদ্রোহী-নিয়ন্ত্রিত দুটি অঞ্চলে দুর্ভিক্ষ চলছে বলে ঘোষণা দিয়েছে জাতিসংঘ। তারা বলেছে, উত্তর-পূর্ব আফ্রিকার ‘হর্ন অব আফ্রিকা’ বলে পরিচিত অঞ্চলে খরাকবলিত অন্তত এক কোটি ২০ লাখ মানুষকে জরুরি ত্রাণ-সহায়তা দেওয়া দরকার।গতকাল বুধবার জাতিসংঘের সোমালিয়ায় ত্রাণ-সহায়তাবিষয়ক কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ আজ ঘোষণা দিচ্ছে, সোমালিয়ার দুটি অঞ্চলে দুর্ভিক্ষ বিরাজ করছে। অঞ্চল দুটি হলো বাকুল ও নিম্ন শাবেলি।এ দুটি অঞ্চলই আন্তর্জাতিক জঙ্গিসংগঠন আল-কায়েদার ঘনিষ্ঠ সোমালিয়ার বিদ্রোহী আল-শাবাব গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। গত ১৯ বছরের মধ্যে অঞ্চল দুটিতে প্রথমবারের মতো দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সেখানে দারিদ্র্য, অব্যাহত খরা ও সহিংসতার কারণে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়।বিবৃতিতে বলা হয়, সোমালিয়ার মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই এখন সংকটাপন্ন। তাদের মধ্যে অন্তত ২৮ লাখ মানুষ বাস করে দেশটির দক্ষিণাঞ্চলে। কয়েক বছর ধরে চলা খরা ছাড়াও অব্যাহত সহিংসতার কারণে দক্ষিণাঞ্চলে ত্রাণসংস্থাগুলোর কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।জাতিসংঘ হুঁশিয়ার করেছে, অঞ্চল দুটিতে মানবিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। জরুরি ত্রাণ-সহায়তা দেওয়া সম্ভব না হলে, পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। দেশটির অন্যান্য এলাকায়ও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে।সোমালিয়ায় জাতিসংঘের ত্রাণ সমন্বয়ক মার্ক বাওডেন সাংবাদিকদের বলেছেন, ‘আমরা যদি এখনই ব্যবস্থা না নিই, আগামী দুই মাসের মধ্যে সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় আটটি এলাকার সব কটিতে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে।’বাওডেন আরও বলেন, সারা বিশ্বে বর্তমানে পুষ্টিহীনতার শিকার মানুষের হার সোমালিয়ায় সবচেয়ে বেশি। দুর্ভিক্ষকবলিত এলাকায় ত্রাণ পাঠাতে এক দিন দেরি হওয়ার আক্ষরিক অর্থ, সেখানে শিশু ও তাদের পরিবারের সদস্যদের বাঁচা কিংবা মরা।সোমালিয়ার রাজধানী মোগাদিসু ছাড়া প্রায় সব অঞ্চল বিভিন্ন বিদ্রোহী-গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।পশ্চিমাদের হয়ে গুপ্তচর বৃত্তি এবং খ্রিষ্টানদের পক্ষে কাজ করার অভিযোগে আল-শাবাব ২০০৯ সালে তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে বিদেশি ত্রাণসংস্থাগুলোর কর্মীদের বহিষ্কার করে। দেশটির দক্ষিণ ও মধ্য অঞ্চল নিয়ন্ত্রণকারী আল-শাবাব সাম্প্রতিক সময়ে বিদেশি সংস্থাগুলোকে সীমিত ত্রাণ-সহায়তা দেওয়ার সুযোগ দিয়েছে।জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র বলছে, ওই অঞ্চলে ত্রাণসংস্থাগুলোর কর্মীদের নিরাপত্তার ভার সোমালিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিশ্চিত করতে হবে। এএফপি ও বিবিসি।