সোমালিয়ার নতুন অঞ্চলে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে
সোমালিয়ার দক্ষিণে নতুন একটি এলাকায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে এবং আগামী চার মাসে তা আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে। গতকাল সোমবার জাতিসংঘের সোমালিয়া ফুড সিকিউরিটি নিউট্রিশন অ্যানালাইসিস ইউনিট (এফএসএনএইউ) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।এফএসএনএইউর বিবৃতিতে বলা হয়, সোমালিয়ার দক্ষিণাঞ্চলের বে এলাকায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে।এলাকাটি সোমালিয়ার বড় শহর বইদোয়ায় অবস্থিত। এ শহরে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত ইসলামি জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের শক্ত ঘাঁটি রয়েছে। এরই মধ্যে আল-শাবাব তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় ত্রাণ তৎ পরতার কাজে বাধা দিয়েছে।এফএসএনএইউর বিবৃতিতে বলা হয়, দুর্ভিক্ষে ইতিমধ্যে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে অর্ধেকেরও বেশি শিশু।গত জুলাইয়ে সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় বাকুল ও লোয়ার শাবেল্লে এলাকায় প্রথম দুর্ভিক্ষ ঘোষণা করা হয়। এরপর রাজধানী মোগাদিসু ও আফগোয়ি করিডরসহ আরও তিনটি এলাকায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে। আফগোয়ি করিডর বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী শিবির।গত মাসে আল-শাবাবের যোদ্ধারা মোগাদিসু ছেড়ে চলে গেছে; তবে সোমালিয়ার দক্ষিণের অনেক এলাকায় এখনো তাদের নিয়ন্ত্রণ রয়েছে। এসব এলাকায় প্রচণ্ড খরা ও দুর্ভিক্ষ দেখা দিয়েছে।জাতিসংঘের তথ্য অনুসারে, দুর্ভিক্ষে কমপক্ষে ২০ শতাংশ পরিবার মারাত্মক ত্রাণসংকটের মুখে পড়ছে, ৩০ শতাংশেরও বেশি মানুষ মারাত্মক অপুষ্টির শিকার হচ্ছে এবং প্রতিদিন প্রতি ১০ হাজারে দুজনের মৃত্যু হচ্ছে। এ ছাড়া কয়েকটি এলাকায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।এফএসএনএইউর বিবৃতিতে বলা হয়, গেদো ও জুবার আবাদি এলাকা এবং পল্লি এলাকার আরও ৫০ হাজার মানুষ দুর্ভিক্ষের মতো ত্রাণসংকট মোকাবিলা করেছে। বিবৃতিতে বলা হয়, সোমালিয়ায় মোট ৪০ লাখ মানুষ সংকটে রয়েছে; তবে পর্যাপ্ত সহায়তা না পেলে আগামী চার মাসে তাদের মধ্যে সাড়ে সাত লাখ মানুষ মৃত্যুর ঝুঁকিতে পড়বে। এএফপি।