সোমালিয়ার নতুন সংবিধানের প্রতি নেতাদের সমর্থন
সোমালিয়ার নেতারা একটি নতুন সংবিধানের প্রতি সমর্থন দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানী মোগাদিসুতে এক সম্মেলনে সংবিধানের পক্ষে বেশির ভাগ ভোট পড়ে। এর ফলে চলতি মাসে একটি নতুন সরকার নির্বাচনের পথ প্রশস্ত হলো। এটাকে সংঘাতে জর্জরিত দেশটির জন্য ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে।জাতিসংঘ-সমর্থিত একটি পরিকল্পনার আওতায় ২০ আগস্ট একটি নতুন পার্লামেন্টে দেশটির পরবর্তী নেতা বাছাই করা হবে। গত দুই দশক ধরেই চরম সংঘাতময় অবস্থা বিরাজ করছে সোমালিয়ায়। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার সঙ্গে ঘনিষ্ঠ গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে দেশটির অনেক এলাকা। সোমালিয়ার সর্বশেষ জাতীয় সরকার ১৯৯১ সালে উৎখাত হয়। এরপর জলদস্যু ও বিশ্বজুড়ে হামলার পরিকল্পনাকারী গোষ্ঠীগুলো ঘাঁটি গেড়ে বসে দেশটিতে। নতুন সংবিধান অধিকাংশ নেতার মাধ্যমে সমর্থিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সংবিধানবিষয়ক মন্ত্রী আবদিরহমান হোস জাব্রিল বলেন, ‘আজ আমরা এমন একটি কাজ সমাধা হতে দেখলাম, যার ওপরে আট বছর ধরে কাজ চলছিল।’নতুন সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে, জাতি-গোত্র-ধর্মনির্বিশেষ সবাই আইনের দৃষ্টিতে সমান, রাষ্ট্রধর্ম একমাত্র ইসলাম, সব নাগরিককে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার অধিকার, ট্রুথ অ্যান্ড রিকন্সিলিয়েশন কাউন্সিল গঠন, আঞ্চলিক বিরোধের নিষ্পত্তি ইত্যাদি। বিবিসি।