সোমালিয়ার প্রেসিডেন্টের বাসভবনে হামলা, শাবাবের দায় স্বীকার
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দেশটির প্রেসিডেন্টের বাসভবনে গতকাল আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে। তবে প্রেসিডেন্ট অক্ষত আছেন। তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।
সোমালিয়ায় নিযুক্ত জাতিসংঘের দূত নিকোলাস কে জানান, মোগাদিসুর সবচেয়ে সুরক্ষিত এলাকায় প্রেসিডেন্টের বাসভবনে হামলা হয়েছে। তবে প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ নিরাপদে আছেন। প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন তিনি। হামলার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে ধারণা করছেন নিকোলাস।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ আলী বার্তা সংস্থা এএফপিকে জানান, প্রেসিডেন্টের বাসভবনে বড় ধরনের হামলা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, আত্মঘাতী হামলাকারী গাড়ি নিয়ে বাসভবনের ফটকে গিয়ে আঘাত করে। এতে বিস্ফোরণ ঘটে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। পরে বন্দুকধারীরাও বাসভবন লক্ষ করে গুলি চালায়।
নিরাপত্তা কর্মকর্তা আহমেদ মোয়ালেম জানান, গাড়িবোমা বিস্ফোরণের পর বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের ব্যাপক গোলাগুলি চলে। এতে অবশ্যই হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু এত দ্রুত তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
নিরাপত্তাবিষয়ক মন্ত্রী আবদি করিম হুসেইন জানান, কয়েকজন হামলাকারীকে হত্যা করা হয়েছে। অন্য কয়েকজন গ্রেপ্তার হয়েছে। শীর্ষ পর্যায়ের নেতারা সবাই নিরাপদে আছেন।
আল-শাবাবের সামরিক শাখার মুখপাত্র শেখ আবদুল আজিজ আবু মুসাব হামলার দায় স্বীকার করেছেন। তিনি বলেন, ‘তথাকথিত প্রেসিডেন্টের বাসভবনে থাকা সবাইকে হত্যা বা আটক করতে ওই হামলা চালানো হয়েছে।’ বিবিসি ও এএফপি।