সোমালিয়ায় ইসলামপন্থীদের হামলায় নিহত ২৮

সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে উত্তরে অবস্থিত এক শহরে ইসলামপন্থী যোদ্ধারা একটি থানায় হামলা চালিয়ে আজ মঙ্গলবার ২৮ ব্যক্তিকে হত্যা করেছেন। পুলিশ কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, যোদ্ধারা বোমাভর্তি একটি মোটরগাড়ি ওই থানায় ঢুকিয়ে দেন এবং পুলিশ সদস্যদের ওপরে গুলি চালাতে থাকেন।
রয়টার্স বলছে, আল-কায়েদার সহযোগী সংগঠন আল-শাবাব হামলার দায়িত্ব স্বীকার করেছে। এ দলটি গত সেপ্টেম্বরে কেনিয়ার এক বিপণিবিতানে হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করেছিল।
খবরে বলা হয়, আজ দুপুরে ইথিওপিয়ার সীমান্তবর্তী বেলাদুইন থানায় গোলাগুলির আওয়াজ শোনা যায়। সে সময় আশপাশের লোকজন আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকে। আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী ও সোমালীয় সেনারা থানা চত্বর ঘিরে ফেলেন এবং গুলি চালাতে শুরু করেন। এরপর ভেতরের গোলগুলি বন্ধ হয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
সোমালীয় সরকারের মুখপাত্র আবদুর রহমান ওসমানসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, সংঘর্ষে সাতজন বেসামরিক মানুষ, ১০ জন ইসলামপন্থী ও পুলিশের ১১ জন সদস্য নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা থানার দরজা বোমা মেরে উড়িয়ে দিয়ে ভেতরে ঢোকে এবং এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।
বেলাদুইন শহরে নিযুক্ত আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষা মিশনের মুখপাত্র কর্নেল দিবাদ ওসমান বলেন, হামলাকারীরা শুরুতে প্রবেশদ্বার ভেঙে ফেলতে ব্যর্থ হয়ে দেয়াল বেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। তিনি বলেন, ‘গাড়িটি (বোমাভর্তি) বিস্ফোরিত হলে তাতে কয়েকজন হামলাকারী মারা যায়, কয়েকজন দেয়াল টপকাতে গিয়ে মারা পড়ে। আফ্রিকান ইউনিয়নের কয়েকজন যোদ্ধা সামান্য আহত হয়েছেন।’
আল-শাবাবের মুখপাত্র শেখ আবদি আজিজ আবু মুসাব বলেন, ইসলামপন্থীরা আজ ২৫ জন সোমালি পুলিশ ও ১৮ জন জেবুতীয় শান্তিরক্ষীকে হত্যা করেছে। তিনি দাবি করেন, তাঁর দলের যোদ্ধাদের তেমন কোনো ক্ষয়ক্ষতিই হয়নি।
রয়টার্স বলছে, সোমালিয়ার নিরাপত্তারক্ষী ও ইসলামপন্থীরা বরাবরই ক্ষয়ক্ষতির ব্যাপারে মিথ্যা তথ্য দেয়। দুদলই নিজেদের ক্ষয়ক্ষতি লুকিয়ে বিরোধীপক্ষের ক্ষতি বাড়িয়ে বলতে অভ্যস্ত।
একসময় রাজধানী মোগাদিসু ও বেলাদুইনে আল-শাবাবের শক্তিশালী ঘাঁটি ছিল। কিন্তু দলটি এসব শহর থেকে উচ্ছেদ হয়েছে। সম্ভবত সাধারণ মানুষের ওপর অত্যাচার ও হত্যাযজ্ঞ চালানোর দায়ে দলটির জনপ্রিয়তা এখন অনেক কমে গেছে। তবে ইসলামপন্থী দলটি মাঝেমধ্যে সাধারণ মানুষের ওপর গাড়িবোমা হামলা করে এবং বহু মানুষকে হত্যা করে।