সোমালিয়ায় এইউ ঘাঁটিতে আত্মঘাতী হামলা, নিহত ১০
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আফ্রিকান ইউনিয়নের (এইউ) একটি ঘাঁটিতে গত শনিবার সেনা বেশে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের এক দল আত্মঘাতী বোমারু ও বন্দুকধারী হামলা চালিয়েছে। এ সময় দুই ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে অন্তত ১০ জঙ্গি নিহত হয়েছে। গতকাল রোববার কর্মকর্তারা এ কথা জানান।আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাব ওই হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, হামলাকারীদের মধ্যে একজন সোমালি বংশোদ্ভূত মার্কিন নাগরিকও রয়েছে। এই হামলা প্রমাণ করেছে, মোগাদিসু থেকে জঙ্গিদের হটিয়ে দেওয়া এবং দুর্ভিক্ষের কারণে নিজেদের শক্ত ঘাঁটিগুলোতে জঙ্গিদের অবস্থান দুর্বল হয়ে পড়ার পরও তারা দুরূহ ও ভয়ানক হামলা চালাতে সক্ষম।জাতিসংঘ-সমর্থিত সোমালিয়ার দুর্বল সরকারের বিরুদ্ধে লড়াইরত জঙ্গিদের একের পর এক আন্তসীমান্ত হামলা ও অপহরণের ঘটনার পরিপ্রেক্ষিতে এ মাসের শুরুর দিকে কেনিয়া দেশটিতে সেনা পাঠিয়েছে।নাইরোবিভিত্তিক একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শনিবার প্রথমে দুজন হামলাকারী এইউ ঘাঁটির প্রবেশমুখে নিজেদের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর বন্দুকধারীরা দেয়াল টপকে ঘাঁটির অভ্যন্তরে ঢুকে পড়ে। পিটিআই অনলাইন।