সোমালিয়ায় জিম্মি উদ্ধারে ফ্রান্সের বিমান হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার দক্ষিণাঞ্চলে ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী আল-শাবাবের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। তাদের কাছ থেকে ডেনিস অ্যালেক্স নামের এক ফরাসি পণবন্দীকে মুক্ত করতে শুক্রবার মধ্যরাতে এই হামলা চালানো হয়। এ সময় দুই পক্ষে বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধে কমপক্ষে দুই ফরাসি সেনা ও ১৭ জন বেসামরিক সোমালীয় নিহত হয়েছেন। ফ্রান্স সরকার বলেছে, পণবন্দী অ্যালেক্সকে মেরে ফেলেছে সোমালীয় জঙ্গিরা। তবে আল-শাবাব বলেছে, তারা ওই অ্যালেক্সকে এখনো মারেনি। তাঁকে বাঁচিয়ে রাখা হবে না মেরে ফেলা হবে সে সিদ্ধান্ত তারা পরে নেবে। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল-শাবাব বিদ্রোহীদের স্থানীয় কমান্ডার শেখ মোহাম্মদ আবদুল্লাহ দাবি করেন, পণবন্দীকে উদ্ধারে ফরাসি সরকারের তথাকথিত কমান্ডো অভিযান নস্যাৎ করে দিয়েছেন মুজাহিদিন যোদ্ধারা। কমান্ডোরা তাঁদের কয়েকজন সদস্যের মরদেহ ফেলে অভিযানস্থল ছেড়ে পালিয়েছেন। আবদুল্লাহ অভিযানস্থল বুলোমারের কমান্ডার।আবদুল্লাহর এই দাবির ব্যাপারে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। বুলোমারের বাসিন্দা ইদরিস ইউসুফ বলেন, ‘ওই হামলা রাতে সংঘটিত হওয়ায় ঠিক কী ঘটেছে, সে ব্যাপারে আমরা এখনো পরিষ্কার নই। তবে সকালে সেখানে আমরা এক শ্বেতাঙ্গ ব্যক্তিসহ কয়েকজনের মরদেহ পড়ে থাকতে দেখেছি।’ বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, হামলার সময় চলা বন্দুকযুদ্ধে তিন বেসামরিক লোকও নিহত হয়েছেন।২০০৯ সালের জুলাই মাসে ফরাসি গোয়েন্দা সংস্থার সদস্য ডেনিস অ্যালেক্স এক সহকর্মীসহ আল-শাবাব গোষ্ঠীর হাতে পণবন্দী হন। অবশ্য পরের মাসেই ওই সহকর্মীকে ছেড়ে দেওয়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী মোগাদিসু থেকে ১১০ কিলোমিটার দক্ষিণে চারটি জঙ্গি হেলিকপ্টার থেকে ওই হামলা চালানো হয়। গত বছরের মাঝামাঝি সময়ে আফ্রিকান ইউনিয়ন বাহিনীর এক অভিযানের মুখে আল-শাবাব গোষ্ঠী সোমালিয়ার দক্ষিণে তাদের শক্ত ঘাঁটি ও দেশটির কেন্দ্রীয় অঞ্চল থেকে নিয়ন্ত্রণ হারায়। তবে তারা এখনো গ্রামীণ কিছু এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে।আফ্রিকায় যে নয়জন ফরাসি এখনো পণবন্দী, অ্যালেক্স তাঁদের একজন। এসব পণবন্দীর অন্তত ছয়জন জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেবের তত্ত্বাবধানে আছেন। অ্যালেক্সকে ২০১০ সালে একটি ভিডিও দৃশ্যে ফরাসি সরকারকে সোমালিয়া সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানাতে দেখা যায়।মালিতেও ফ্রান্সের হামলা: এদিকে মালিতেও ইসলামপন্থী গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। মালি সরকার দাবি করেছে, ওই বিমান হামলার পর তারা এই গোষ্ঠীর কাছ থেকে একটি এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ওই গোষ্ঠীর সদস্যরা গত এপ্রিলে সরকারি বাহিনীর কাছ থেকে মালির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। মালির সেনাবাহিনীর সমর্থনে বিদ্রোহীদের ওপর বিমান হামলা শুরু করা হয়েছে বলে ফ্রান্সের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই মালি সরকার ওই নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করল। এএফপি, বিবিসি ও রয়টার্স।