সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে তিন দফা বোমা হামলায় ১১ জন নিহত হয়েছে। বুধবারের এ হামলার দায় স্বীকার করেছে ইসলামপন্থী জঙ্গি সংগঠন আল-শাবাব। তারা আফ্রিকার শান্তিরক্ষী বাহিনীর কাছ থেকে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে।
মোগাদিসুর আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন জাজিরা হোটেলের বাইরে প্রথমে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এবং সেনাসদস্যরা পৌঁছানোর পর দ্বিতীয় গাড়িবোমাটি বিস্ফোরিত হয়।
এ হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে বলে আল-শাবাবের পক্ষ থেকে দাবি করা হয়। তবে স্থানীয় একটি বেসরকারি অ্যাম্বুলেন্স সেবাপ্রতিষ্ঠান ১১টি লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে।
আল-শাবাবের মুখপাত্র আলী মোহাম্মদ রেগ গতকাল বৃহস্পতিবার বলেন, তাঁদের জঙ্গিরা জাজিরা হোটেলে গোয়েন্দা কর্মকর্তাদের একটি বৈঠক চলার সময় হামলা চালায়। নতুন বছরের শুরুতে তারা এই হামলার মধ্য দিয়েই অভিযান শুরু করেছে। মুখপাত্র রেগ বলেন, ‘বিদেশি ও ভাড়াটে লোকজন সোমালিয়া ছেড়ে না গেলে তাদেরও একই পরিণতি হবে।’
নামী জাজিরা হোটেলের মতো সুরক্ষিত একটি স্থানে এ ধরনের হামলার ঘটনায় সোমালিয়ার আশপাশের দেশগুলোও উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা আশঙ্কা করছে, সামরিক বাহিনীর সাম্প্রতিক সাফল্য সত্ত্বেও সোমালিয়া হয়তো আবার অরাজক পরিস্থিতির দিকে এগিয়ে যেতে পারে।
প্রতিবেশী রাষ্ট্র কেনিয়ার একটি বিপণিকেন্দ্রে গত সেপ্টেম্বরে বড় ধরনের হামলা করেছিল আল-শাবাব। এতে সোমালিয়ার সীমান্ত পেরিয়ে তাদের বড় ধরনের হামলার সামর্থ্য প্রমাণিত হয়।
আত্মঘাতী জঙ্গিরা জাজিরা হোটেলে ২০১২ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদের একটি সংবাদ সম্মেলনেও হামলা করেছিল। আল-শাবাব একসময় সোমালিয়ার দক্ষিণ ও মধ্য অঞ্চলের অধিকাংশই নিয়ন্ত্রণ করত।
কেনিয়ায় গ্রেনেড হামলা: কেনিয়ার বড় উপকূলীয় শহর মোম্বাসার একটি জনপ্রিয় নৈশ বিনোদনকেন্দ্রের বাইরে গতকাল বৃহস্পতিবার ভোররাতে গ্রেনেড হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। ওই হামলার জন্য সোমালি জঙ্গিদের দায়ী করা হচ্ছে।
স্থানীয় পুলিশের শীর্ষ কর্মকর্তা জ্যাক একাকারু বলেন, ওই বিনোদনকেন্দ্রটি নববর্ষ উদ্যাপনকারী লোকজনে পরিপূর্ণ ছিল। হামলাকারীরা মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়।
কেনিয়ার উপকূলীয় অঞ্চল মূলত পর্যটনের ওপর নির্ভরশীল। সেখানে সাম্প্রতিক ঘন ঘন সন্ত্রাসী হামলার জন্য ইসলামি জঙ্গিদের দায়ী করা হয়।
আল-শাবাব জঙ্গিরা গত সেপ্টেম্বর মাসে নাইরোবির একটি অভিজাত বিপণিকেন্দ্রে হামলা চালিয়ে অন্তত ৬৭ জন বেসামরিক মানুষকে হত্যা করে। দেশটির মার্কিন দূতাবাসে ১৯৯৮ সালে এক ভয়াবহ বোমা হামলায় অন্তত ২০০ জন নিহত হয়েছিল। রয়টার্স ও এএফপি।