ডেনিশ কার্টুনিস্ট কুর্ট ওয়েস্টারগার্ডকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে আটক সোমালীয় যুবকের বিরুদ্ধে। গত শুক্রবার ওয়েস্টারগার্ডের বাড়ির দরজা ভাঙার সময় তাঁকে আটক করা হয়। হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকায় মুসলিম বিশ্বে ব্যাপকভাবে সমালোচিত হন ওয়েস্টারগার্ড।ডেনমার্কের আরহাস শহরের একটি আদালতে গত শনিবার স্ট্রেচারে করে হাজির করা হয় সোমালীয় যুবককে। আইনি বাধ্যবাধকতার কারণে তাঁর নাম প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, হাত ও পায়ে ব্যান্ডেজ এবং কাপড় পেঁচিয়ে মুখমণ্ডল ঢেকে তাঁকে আদালতে নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে মানুষ হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসি ও এএফপির।পুলিশ জানায়, ২৮ বছরের ওই যুবক ওয়েস্টারগার্ডের বাড়ির দরজা ভাঙার চেষ্টা চালান। এ সময় তিনি ভাঙা ভাঙা ইংরেজিতে ওয়েস্টারগার্ডকে হত্যার কথা উচ্চারণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে তিনি পুলিশ সদস্যদের ওপরও হামলার জন্য কুড়াল নিয়ে তেড়ে যান।কোপেনহেগেনের ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেনমার্কের দ্বিতীয় বৃহত্তম শহর আরহাসে ওয়েস্টারগার্ড বাস করেন। শুক্রবার রাতে হামলার সময় তিনি পাঁচ বছর বয়সী নাতিকে নিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন। সোমালীয় যুবক কুড়াল দিয়ে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে ওয়েস্টারগার্ড বিপত্সংকেত দিয়ে নাতিকে নিয়ে বাড়ির একটি নিরাপদ কক্ষে অবস্থান নেন। দুই মিনিট পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ওই যুবক পুলিশের ওপরও আঘাত হানার চেষ্টা করেন। এ সময় এক পুলিশ তাঁর হাত ও পায়ে গুলি করে।পুলিশ জানায়, গুলিতে সোমালীয় যুবক গুরুতর আহত হন। ওয়েস্টারগার্ড ও এক পুলিশকে হত্যাচেষ্টার প্রাথমিক অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই যুবককে চার সপ্তাহের আটকাদেশ দেওয়া হয়েছে।পুলিশ অভিযোগ করেছে, সোমালিয়ার কট্টরপন্থী সংগঠন আল-শাবাব ও আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে ওই যুবকের ঘনিষ্ঠতা রয়েছে।এদিকে ওয়েস্টারগার্ডকে হত্যাচেষ্টার জন্য সোমালীয় যুবকের প্রশংসা করেছে আল-শাবাব। সংগঠনটির মুখপাত্র শেখ আলী মুহাম্মদ রেজা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা এ ঘটনার প্রশংসা জানাই। কারণ যে ব্যক্তি মহানবী (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র এঁকেছেন, সোমালীয় যুবক তাঁকেই হত্যা করতে চেয়েছিলেন। আমরা সারা বিশ্বের মুসলমানদের কাছে এই কার্টুনিস্টের বিরুদ্ধে ওই যুবকের মতো এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’