সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ভারতে ১২ জনের মৃত্যু
ভারতে সোয়াইন ফ্লু (এইচ১এন১) ভাইরাসে আক্রান্ত হয়ে চলতি মাসে ১২ জন মারা গেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। এ ছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১৩০ জন। তাঁদের অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের বাসিন্দা। ২০০৯ সালে ভারতে প্রথমবারের মতো সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ৪৫০ জন মারা যান।স্বাস্থ্যসচিব পি কে প্রধান সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ভয়ের কিছু নেই। আর যেসব এলাকায় মৃত্যুর খবর পাওয়া গেছে, সেসব এলাকায় ভাইরাসটি ব্যাপকভাবে যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য কড়া নজরদারির পরামর্শ দেওয়া হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবীতে এখন পর্যন্ত এক হাজার ২০০ জনেরও বেশি লোক মারা গেছেন। ২০০৯ সালের এপ্রিলে মেক্সিকোতে প্রথম সোয়াইন ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়, যা পরবর্তী সময়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিবিসি।