সৌদি আরবে সম্মেলনে যাচ্ছেন আহমাদিনেজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আগামী সপ্তাহে সৌদি আরবে মুসলিম নেতাদের একটি বৈঠকে যোগ দেবেন। সৌদি বাদশাহ আবদুল্লাহর আমন্ত্রণে তিনি সম্মেলনে যাচ্ছেন। গতকাল সোমবার প্রেসিডেন্টের কার্যালয়ের আন্তর্জাতিকবিষয়ক প্রধান মোহাম্মদ রেজা ফোরকানি এ কথা জানান। ফোরকানির বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানায়, ‘মুসলিম দেশগুলোর উন্নয়নের বিষয়ে আলোচনা করতে আহমাদিনেজাদ পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠেয় সম্মেলনে যোগ দেবেন। দুই দিনের সম্মেলন ১৪ আগস্ট শুরু হবে।’ বিশ্বের মুসলিমপ্রধান দেশগুলোকে ‘ঐক্যবদ্ধ’ করার লক্ষ্যে গত মাসে সৌদি আরব ওই সম্মেলনের ডাক দেয়। সুন্নিশাসিত সৌদি আরব এবং শিয়া-অধ্যুষিত ইরানের মধ্যে বিদ্যমান উত্তেজনার মধ্যেই আহমাদিনেজাদকে সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হলো।এদিকে গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের চার পরমাণু বিজ্ঞানীর ‘হত্যাকারীদের’ একটি ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, ১৩ জনের ওই ‘হত্যাকারী’ দল চার বিজ্ঞানীকে হত্যার বর্ণনা দিচ্ছে। এ ছাড়া ভিডিও ফুটেজে একটি অস্থায়ী ভবন দেখিয়ে বলা হয়েছে, ওই হত্যাকারীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ইসরায়েলের সামরিক বাহিনীর এই ক্যাম্প ব্যবহার করা হয়েছে। ৪০ মিনিটের ওই ভিডিও ফুটেজ রাতভর সম্প্রচার করা হয়। এএফপি।