সৌদি আরবে সাত যুবকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে গতকাল মঙ্গলবার সাত যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল। তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে দণ্ড বাতিলের আহ্বান জানানোর পর মৃত্যুদণ্ড গতকাল কার্যকর করা হয়নি। দণ্ডপ্রাপ্ত যুবকদের স্বজনেরা গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন।২০০৬ সালে দক্ষিণাঞ্চলীয় আছির প্রদেশে ওই যুবকেরা একটি অলংকারের দোকানে সশস্ত্র ডাকাতি করে ধরা পড়েছিল বলে অভিযোগ রয়েছে। সৌদি আরবের ইসলামি শরিয়া আইন অনুযায়ী এই অপরাধের শাস্তি হিসেবে ২০০৯ সালে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার সময় তাঁরা সবাই অপ্রাপ্তবয়স্ক ছিলেন বলে তাঁদের মৃত্যুদণ্ড এত দিন কার্যকর করা হয়নি। প্রাপ্তবয়স্ক হওয়ায় গত ফেব্রুয়ারি মাসে বাদশাহ আবদুল্লাহ তাঁদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি অনুমোদন করেন। মানবাধিকার সংস্থা দুটি আলাদা দুটি বিবৃতিতে জানিয়েছে, ওই সাতজনের বিচার নিরপেক্ষ ও স্বচ্ছ হয়নি। তাঁদের আটক করে ব্যাপক নির্যাতন করা হয়েছে। বেধড়ক মারপিট করে, দিনের পর দিন খেতে না দিয়ে, ২৪ ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়েছে। সংস্থা দুটির অভিযোগ, এ ধরনের নির্যাতন করে তাঁদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়। এ ব্যাপারে তাঁদের কাছে যথেষ্ট তথ্য ও প্রমাণ আছে বলেও দাবি করেছে সংস্থা দুটি। তবে সৌদি কর্তৃপক্ষ এমন অভিযোগ অস্বীকার করেছে।মধ্যপ্রাচ্যের এইচআরডব্লিউর উপব্যবস্থাপক এরিক গোল্ডস্টেইন বলেন, ওই যুবকদের শাস্তি কার্যকর করা হলে সৌদি আরব চরম নিষ্ঠুরতার পরিচয় দেবে। অপরদিকে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ওই সাতজনকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। উল্লেখ্য, সৌদি আরবে চলতি বছরে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এএফপি