সৌদি আরবের মেয়েরা খেলাধুলা করতে পারবে
সৌদি আরবের বেসরকারি বিদ্যালয়-গুলোতে মেয়েদের খেলাধুলার অনুমতি দিয়েছে সরকার। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর মধ্য দিয়ে নারীদের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করার ক্ষেত্রে আরেক ধাপ এগোল অতি রক্ষণশীল এই দেশটি।শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি আরবের গণমাধ্যমে বলা হয়, বেসরকারি বিদ্যালয়গুলোতে মেয়েদের খেলাধুলার জন্য বেশ কিছু আইন কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মেয়েদের ‘শালীন পোশাক’ পরে ‘সুবিধাজনক স্থানে’ খেলাধুলারও অনুমতি দেওয়া হয়েছে। তবে সরকারি বিদ্যালয়গুলো এ নির্দেশের আওতামুক্ত থাকবে।ইতিমধ্যে বেশ কিছু বেসরকারি বিদ্যালয়ে শারীরিক শিক্ষা দেওয়া হচ্ছে। তবে এ ক্ষেত্রে কোনো আইনকানুন মানা হয়নি। গত লন্ডন অলিম্পিকের সময় সৌদি আরবের নারীদের খেলাধুলার বিষয়টি বিশ্ববাসীর সামনে চলে আসে। সেবারই প্রথম সৌদি নারীরা খেলাধুলায় অংশ নেন। ওই সময় অলিম্পিকে দুজন সৌদি নারী অংশ নিয়েছেন ঠিকই, কিন্তু দেশটির লাখ লাখ নারী এখনো খেলাধুলায় অংশ নেওয়া থেকে নিষিদ্ধ। এএফপি।