সৌদি আরবের শুরা কাউন্সিলে নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ প্রথমবারের মতো সে দেশের পুরুষ অধ্যুষিত পরামর্শক শুরা কাউন্সিলে ৩০ জন নারীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল শুক্রবার জারি করা এক ডিক্রিতে তিনি এর অনুমোদন দেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ কথা জানিয়েছে। বাদশাহর ডিক্রিতে বলা হয়েছে, শুরা কাউন্সিলের মোট সদস্যের অন্তত এক-পঞ্চমাংশ হবে নারী। ধর্মীয় নেতাদের সঙ্গে পরামর্শ করেই বাদশাহ আবদুল্লাহ এ সিদ্ধান্ত নিয়েছেন। শুরা কাউন্সিলের মোট সদস্যসংখ্যা হচ্ছে ১৫০। এর মধ্যে ৩০ জন হবেন নারী।সাম্প্রতিক সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিলেন বাদশাহ আবদুল্লাহ। ধর্মীয় নেতাদের সঙ্গে পরামর্শের পর বাদশাহ শরিয়া আইন মেনে নারীদের শুরা কাউন্সিলে অন্তর্ভুক্ত করার বিষয়টির অনুমোদন দেন। এরপর তিনি বলেন, ‘এখন থেকে নারীরা শুরা কাউন্সিলের পূর্ণ সদস্য হওয়ার অধিকার ভোগ করবেন। তবে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্যের প্রতি তাঁদের প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।’ এসপিএর খবরে আরও বলা হয়, কাউন্সিলে নারীদের রাখা হলেও তাঁরা পুরুষদের পাশাপাশি বসবেন না। কাউন্সিল ভবনে ঢুকতে নারীদের জন্য থাকবে আলাদা দরজা।এর আগে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে সৌদি আরবের বাদশাহ প্রথম ঘোষণা করেছিলেন, তিনি শুরা কাউন্সিলে নারীদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছেন। সে সময় তিনি এটাও ঘোষণা করেছিলেন, ২০১৫ সালে অনুষ্ঠেয় দেশটির পৌরসভার নির্বাচনে তিনি নারীদের ভোটাধিকার প্রয়োগের অনুমতি দেবেন। এ ছাড়া ওই নির্বাচনে নারীরা প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবেন। বিবিসি।