সৌদি যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজ আর নেই। গতকাল শনিবার তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। সৌদি আরবের আল-এখবারিয়াহ টেলিভিশনের খবরে এ কথা বলা হয়েছে। রাজকীয় আদালতের বরাত দিয়ে আল-এখবারিয়াহ টেলিভিশন জানায়, সম্প্রতি চিকিৎসার জন্য সৌদি আরব ছাড়েন যুবরাজ নায়েফ। গতকাল তিনি দেশের বাইরেই মারা যান। মরদেহ দেশে আনার পর আজ রোববার বাদ মাগরিব পবিত্র মক্কা নগরে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।গত বছরের অক্টোবরে তৎকালীন সৌদি যুবরাজ সুলতান বিন আবদুল আজিজের মৃত্যু হলে নায়েফ বিন আবদুল আজিজ তাঁর স্থলাভিষিক্ত হন। নায়েফ সৌদি আরবের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছিলেন। সৌদি রাজপরিবারের উত্তরাধিকার নির্বাচন সাবেক বাদশা আবদুল আজিজ ইবনে সউদের বংশপরম্পরায় চলে আসছে। সাবেক এই বাদশা ১৯৩২ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত তাঁর শাসনামলে আধুনিক সৌদি আরবের গোড়াপত্তন করেন।নায়েফের স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কারও নাম দেওয়া নেই। তবে ধারণা করা হচ্ছে, নায়েফের ছোট ভাই প্রিন্স সালমান পরবর্তী সৌদি যুবরাজ হবেন। সালমান বর্তমানে রিয়াদের গভর্নর। এএফপি ও বিবিসি।