সৌদি যুবরাজের বিরুদ্ধে পরিচারক হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি যুবরাজ সাউদ আবদুল আজিজ বিন নাসির আল সাউদের বিরুদ্ধে তাঁর পরিচারককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম বান্দার আবদুল আজিজ (৩২)। গত ১৫ ফেব্রুয়ারি লন্ডনের একটি হোটেল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।এ সময় নিহত ব্যক্তির শরীরে আঘাতের আলামত পাওয়া যায়। কৌঁসুলিরা বলেছেন, হত্যার আগে ওই ব্যক্তিকে মারধরের পাশাপাশি যৌন নির্যাতনেরও চেষ্টা চালানো হয়। গত মঙ্গলবার এ হত্যাকাণ্ডের ব্যাপারে লন্ডনের একটি আদালতে শুনানি হয়।সৌদি যুবরাজ আদালতে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর সহকারী হামলার শিকার হয়েছেন এবং মৃত্যুর তিন সপ্তাহ আগে তাঁকে অপহরণ করা হয়েছিল। যুবরাজ বলেন, বান্দারের সঙ্গে তাঁর কোনো অবৈধ সম্পর্ক ছিল না।কৌঁসুলিরা বলেন, সৌদি যুবরাজই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। গোপন ক্যামেরায় দেখা গেছে, ঘটনার কয়েক দিন আগে সৌদি যুবরাজ তাঁর পরিচারককে হোটেলের লিফটে দুইবার মারধর করেন। এ ছাড়া ঘটনার দিন রাতে একটি রেস্তোরাঁর বাইরে তাঁকে লাথিও মেরেছেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী জোনাথন লেইড ল বলেন, নিহতের মুখে ও মাথায় প্রচণ্ড আঘাত করা হয়েছে। আঘাতে তাঁর ঠোঁট ক্ষত-বিক্ষত হয়ে যায়। এতে দাঁতও ভেঙে যায়। ময়নাতদন্তে মস্তিষ্কে রক্তক্ষরণের প্রমাণ মিলেছে।উল্লেখ্য, বান্দার আবদুল আজিজ গত তিন বছর সৌদি যুবরাজের পরিচারক হিসেবে ছিলেন। এই সময়ে তিনি সৌদি যুবরাজের সঙ্গে বিভিন্ন স্থানে গেছেন।