সৌদি শুরা কাউন্সিলে ৩০ নারীর শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ গতকাল বুধবার সে দেশের শুরা কাউন্সিলের সদস্য হিসেবে ৩০ জন নারীকে শপথবাক্য পাঠ করিয়েছেন। দেশটির ইতিহাসে এই প্রথম সরকারি কাজে নারীদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হলো। সৌদি আরবের শুরা কাউন্সিলের সদস্যসংখ্যা ১৫০ জন। এত দিন শুধু পুরুষেরাই এ কাউন্সিলের সদস্য হতে পারতেন। এ কাউন্সিল সরকারকে আইন প্রণয়নের বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। সৌদি আরবের রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে নারীদের ভোট প্রদানের অধিকার দেওয়া হয়েছে। সেই সঙ্গে নারীরা ২০১৫ সালের স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেবেন। এসব সত্ত্বেও রক্ষণশীল সৌদি আরবে নারীরা প্রকাশ্যে সরকারি কর্মকাণ্ডে খুব একটা ভূমিকা রাখতে পারবেন না। সমালোচকেরা বলছেন, শুরা কাউন্সিলে নারীদের নিয়োগ দেওয়ার ঘটনাটা প্রতীকী। কারণ, এ কাউন্সিল কোনো আইন প্রণয়ন করতে পারে না এবং এর সদস্যদের নিয়োগও দেন বাদশাহ আবদুল্লাহ। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা ফুটেজে দেখা গেছে, শপথ নেওয়ার জন্য অনুষ্ঠানে নারীদের স্বাগত জানাচ্ছেন বাদশাহ আবদুল্লাহ। শপথ নেওয়ার পর তুরাইয়া আল-আরায়েদ নামের এক সদস্য বলেন, ‘কাউন্সিলের সদস্য হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এটা যদি ইতিবাচকভাবে কাজ করে, তাহলে রাজনীতিতে নারীদের বিষয়ে পশ্চাৎপদ দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা সম্ভব হতে পারে।’ বিবিসি।