সৌদি সিদ্ধান্তের সমালোচনায় নিরাপত্তা পরিষদ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী আসন প্রত্যাখ্যান করায় সৌদি আরবের সমালোচনা করেছে পরিষদ। সৌদি সরকারের আচরণ ‘অদ্ভুত’ বলে মন্তব্য করেছে রাশিয়া। এ ছাড়া সৌদি আরবের পশ্চিমা মিত্ররাও বিরূপ মন্তব্য করেছে।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, দুই বছর মেয়াদী আসনে না বসার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানায়নি সৌদি আরব।
জাতিসংঘের জ্যেষ্ঠ কূটনীতিকেরা বলেছেন, তাঁরা মনে করেন না, সৌদি সরকার এ সিদ্ধান্ত পাল্টাবে।
জাতিসংঘের ১০টি অস্থায়ী সদস্যপদ সাধারণ সদস্যদের মধ্য থেকে পালাক্রমে নির্বাচিত হয়ে থাকে। গত বৃহস্পতিবার সৌদি আরব, চিলি, লিথুয়ানিয়া, চাদ ও নাইজেরিয়াকে দুই বছর মেয়াদে নির্বাচিত করা হয়। এর পরদিনই জাতিসংঘের ‘দ্বিমুখী নীতির’ সমালোচনা করে নিজ আসনে বসবে না বলে ঘোষণা দেয় সৌদি আরব। ফিলিস্তিন ও সিরিয়াসহ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকার সীমাবদ্ধতার সমালোচনা করে চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিবৃতি দিল মুসলিম বিশ্বে প্রভাবশালী দেশ তেলসমৃদ্ধ সৌদি আরব।
সৌদি আরবের মিত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন পিসাকি বলেছেন, ‘আমি মনে করি, বিভিন্ন দেশের সিদ্ধান্ত হবে ভিন্ন রকমের। তবে পারস্পরিক স্বার্থে আমরা তাদের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়া অব্যাহত রাখব।’ রয়টার্স।