সৌদি স্কুলে অগ্নিকাণ্ড দুই শিক্ষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের জেদ্দা শহরের একটি বেসরকারি বালিকা বিদ্যালয়ে গত শনিবার অগ্নিকাণ্ডে দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত ৪৪ জন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আবদেল রহমান আল-ঘামদি নামের স্থানীয় এক প্রতিরক্ষা কর্মকর্তা গতকাল রোববার এএফপিকে এ তথ্য জানান। ঘামদি বলেন, শনিবার বিকেলের দিকে তিনতলা ওই স্কুল ভবনের ভূগর্ভস্থ অংশ থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিনির্বাপককর্মী ও জরুরি উদ্ধারকর্মীরা ১১০ জন শিক্ষক, ৭০০ ছাত্রী ও ৩২ জন কর্মচারীকে উদ্ধার করেন। অগ্নিদগ্ধ কয়েকজনের অবস্থা গুরুতর। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।অগ্নিদগ্ধ ব্যক্তিরা শিক্ষক, ছাত্রী নাকি কর্মচারী—এ ব্যাপারে কোনো তথ্য দেননি ঘামদি। ভবনটিতে নার্সারি, কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।সৌদি আরবে ২০০২ সালে একটি বালিকা বিদ্যালয়ে আগুন লাগে। তখন ইসলামি পোশাক পরা না থাকায় ছাত্রীদের বিদ্যালয় ভবনের বাইরে যেতে বাধা দেয় সে দেশের ধর্মীয় পুলিশ। ওই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ১৫ ছাত্রীর মৃত্যু হয়েছিল। এএফপি।